মরছে হাঁস-মুরগি-মাছ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া ও বুড়োজালিয়া গ্রামের মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দী। দূষিত পানিতে হাঁস-মুরগি মরে যাচ্ছে। পুকুর ও ঘেরের মাছও মরে ভেসে উঠছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, কয়েক দিনের প্রবল বর্ষণে গ্রামের ফসলি জমি ও জলাশয় পানিতে তলিয়ে গেছে। পানিতে গ্রাম দুটির বেশির ভাগ ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। প্রবল বর্ষণে জমে থাকা পানি আটকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেনে গাছপালা উপড়ে পড়ে আছে পানির মধ্যে। এসব গাছের বিভিন্ন অংশ পচে পানি দূষিত হয়ে কালচে রং ধারণ করেছে। দূষিত এই পানি পান করে গৃহপালিত হাঁস-মুরগি মরে যাচ্ছে। পুকুর ও ঘেরের মাছও মরে ভেসে উঠছে।
চর চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এই পানি লাগলে চুলকাইতে থাহে।’
বুড়োজালিয়া গ্রামের বাসিন্দা কাসেম তালুকদার বলেন, ‘মোরা আছি আজাবের মধ্যে। একদিকে বইন্যায় ঘরবাড়ি, গাছপালা সব ভাইংগ্যা গ্যাছে। হেইয়া ঠিক কইর্যা ওডতে না ওডতেই ফের পানিতে আইটক্যা গ্যাছি। মোগো পারলে আমনেরা বাঁচান।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন তালুকদার বলেন, নতুন বেড়িবাঁধের কারণে জমির আইল কেটেও পানি নামানো যাচ্ছে না। বুড়োজালিয়া গ্রামের খালেক সিকদারের বাড়ির সামনে জলকপাট করা গেলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে। কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘গ্রামের মানুষের দুরবস্থার কথা শুনেছি। আটকে থাকা পানি নামাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’