মরজরা নদী রক্ষার দাবিতে একজোট দেবীদ্বারবাসী
কুমিল্লার মরজরা নদীর বিভিন্ন স্থানে ভেল জাল দিয়ে ও বাঁধ তৈরি করে মাছ ধরা হচ্ছে। এতে নৌকাসহ বিভিন্ন নৌযানের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নদীর বিভিন্ন স্থানে বিষ ঢেলে একটি চক্র মাছ নিধন করছে। এ কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ ছাড়া এই নদীর বিভিন্ন স্থানে নৌকা ও ট্রলার থামিয়ে একদল দুর্বৃত্ত স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন মরজরা নদীর বিভিন্ন স্থান থেকে বাঁধ সরিয়ে ফেলার এবং সব ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে। এ দাবিতে তারা গত ২৫ অক্টোবর দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও উপজেলা শহরের রহমানিয়া সুপার মার্কেটের সামনে সমাবেশ করে। ঐতিহ্যবাহী মরজরা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ফজর আলী জানান, মরজরা নদীর রাঘবপুর-পোমখাড়া চৌমুহনী এলাকাটি ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বার উপজেলার সীমান্তে। এখানকার কতিপয় দুর্বৃত্ত নৌকা আটকে মালামাল লুট, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, শারীরিক নির্যাতন, মৎস্য আহরণকারীদের মাছ ও জাল কেড়ে নেওয়া, নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন, নদীপথে ভেল জাল পেতে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরছে। বাঁশ ব্যবসায়ী জিন্নতপুর গ্রামের আবদুল হান্নান বলেন, ‘গত ১১ অক্টোবর মরজরা নদীর রাঘবপুরের চৌমুহনীতে নজরুল ইসলাম, জহিরুল হক, মনু মিয়া, সাত্তার ফকিরসহ কয়েকজন এক হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমার লোকদের মারধর করে এবং তাদের কাছ থেকে ১৬টি বাঁশ ও ৮০০ টাকা রেখে দেয়।’ রাঘবপুর চৌমুহনীর মো. জুলহাস মিয়া বলেন, প্রতিবছর নদীর পানি কমার সঙ্গে সঙ্গে নভেম্বর ও ডিসেম্বরে উজানের মন্দবাগ, নয়নপুর, শশীদল এলাকার অজ্ঞাতনামা মৎস্য আহরণকারীরা বিষ ঢেলে মাছ ধরে। অভিযুক্ত নজরুল ইসলাম, জহিরুল হক ও সাত্তার ফকির জানান, তাঁরা ভেল জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। একটি ভেল জাল নদীর মধ্যবর্তী স্থানের প্রায় ১৫-২০ ফুট জায়গা দখল করে নেয়। এতে নৌকাসহ বিভিন্ন নৌযানের চলাচল করতে সমস্যা হয়। তবে তাঁরা লুটপাট, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-সার্বিক) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘চুরি-ডাকাতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, ‘বিভিন্ন উপকরণ দিয়ে নৌযান চলাচলে বাধা সৃষ্টি ও চাঁদাবাজির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সর্বাধিক গুরুত্বসহকারে দেখা হবে।’