মরণপণ সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ আন্দোলনের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সর্বক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে সরকার ভেলকিবাজি শুরু করেছে। তাদের জাদুকরি খেলা জনগণের কাছে আজ ধরা পড়ে গেছে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, এখন যত ছলচাতুরী করা হোক না কেন, এটা প্রমাণ হয়ে গেছে যে, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।ফখরুল অভিযোগ করেন, একতরফা নির্বাচন করে বাকশালী প্রেতাত্মা নিয়ে ক্ষমতাসীনেরা আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপি নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না, হতেও দেবে না। তিনি বলেন, ‘এখন বসে থাকার আর সময় নেই। মানুষকে জেগে উঠতে হবে। মরণপণ সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘চলমান সংকটকে ধামাচাপা দিতে সরকারের কোনো ষড়যন্ত্র ও নাটক কাজে আসবে না। এখনো সময় আছে, চলতি সংসদ অধিবেশনে সংবিধানের ১৬তম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে এই সংকটের অবসান করুন। নইলে পার পাবেন না।’মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীনেরা দলীয় সরকারের অধীনে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এই পথে গেলে অতীতের স্বৈরাচারের চাইতেও তাদের করুণ পরিণতি হবে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম প্রমুখ।২৩ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ: সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা হয়। সভায় ২৩ ফেব্রুয়ারি সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, লুটপাট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বিএনপির জেলা ও মহানগরে নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।ফখরুলের নিন্দা: এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নামে মানহানির মামলা দায়ের করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে সমালোচনা সহ্য করতে পারে না। প্রতিহিংসা ও প্রতিশোধ তাদের একমাত্র অবলম্বন। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘নিজেদের আচরণ সংশোধন করুন, অন্যথায় প্রতিটি আঘাতের পাল্টা প্রত্যাঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকুন।’