মরণফাঁদ জারিয়া বেইলি সেতু
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার মধ্যবর্তী কংশ নদের ওপর জারিয়া বেইলি সেতুটির স্থানে পাকা সেতু নির্মাণের দাবিতে গতকাল সোমবার সড়ক অবরোধ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বেইলি সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। এতে দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে জারিয়া নাগরিক কমিটির উদ্যোগে জারিয়া বাজারে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। এ সময় এ যাত্রাপথে যানবাহন চলাচল বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে জারিয়া নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহমান, জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, এ সেতু দিয়ে সীমান্তবর্তী দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার লাখ লাখ মানুষ ময়মনসিংহসহ সারা দেশে যাতায়াত করেন। অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত ১২ বছরে এ সেতুতে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ও ধাক্কা খেয়ে নিচে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হন। বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, শিগগির তাঁদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ হেলাল উদ্দিন অবরোধস্থলে গিয়ে তাঁদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় প্রবেশের প্রধান সড়ক শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক। এ সড়ক দিয়ে ওই দুই উপজেলা ছাড়াও কলমাকান্দা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মানুষ যাতায়াত করে। বিজয়পুরের চিনামাটি, সোমেশ্বরীর সিলিকন ও কয়লা এ সড়ক দিয়ে সারা দেশে পাঠানো হয়। যানবাহন পার হওয়ায় সময় পথচারীদের হেঁটে যাওয়ার মতো সেতুর পাশে কোনো জায়গা থাকে না। পথচারী সেতু পার হওয়ার সময় কোনো যানবাহন সেতুতে উঠে পড়লে তাকে সেতুর রেলিংয়ে বাদুড়ঝোলা হয়ে থাকতে হয়। সর্বশেষ ১০ জানুয়ারি সেতুটি পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে উপজেলার জারিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তি নিহত হন। এর আগেও নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হন। নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সূত্রে জানা গেছে, গত ১৯৯৮-৯৯ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে স্থায়ী ভিত্তির ওপর ২৩০ মিটার দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের বেইলি সেতুটি নির্মাণ করা হয়।