মরণব্যাধিতে আক্রান্ত দুই ভাইয়ের ঢাকায় চিকিৎসা শুরু
বরগুনার আমতলী উপজেলায় মরণব্যাধি ডিএমডিতে (ডুশেন মাসকুলার ডিসট্রফি) আক্রান্ত দুই ভাই শিপন (১৫) ও সোলায়মানকে (১০) গতকাল বুধবার সকালে ঢাকায় জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত মঙ্গলবার বিকেলে তাদের দুই ভাইকে মা-বাবাসহ ঢাকায় পাঠানো হয়। আমতলী হাসপাতালের ওয়ার্ডবয় ফরহাদ হোসেন তাঁদের ঢাকায় নিয়ে যান। গতকাল বুধবার সকালে ঢাকার শেরেবাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বরগুনার সিভিল সার্জন মো. জসিম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম খান ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ সরাসরি তাদের চিকিৎসার তদারক করছেন।
আমতলী উপজেলার কালীবাড়ি গ্রামের দিনমজুর ফকু তালুকদার ও খুশি বেগমের চার ছেলে ছিল। এর মধ্যে অজ্ঞাত রোগে বড় ছেলে স্বপন মারা যায় ২০০৮ সালে। একই রোগে ভুগে গত বছরের নভেম্বরে রিপন নামের আরেক ছেলের মৃত্যু হয়। এখন শিপন ও সোলায়মান আক্রান্ত।
এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘মরণব্যাধিতে চার সন্তানই হারাবেন ফকু-খুশি দম্পতি?’ শিরোনামে খবর ছাপা হয়। সিভিল সার্জন ও আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই দিনই ফকু তালকদারের গ্রামের বাড়িতে যান এবং শিপন ও সোলায়মানকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।