মরণব্যাধিতে চার সন্তানই হারাবেন ফকু-খুশি দম্পতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোয় ভালোয় ৬-৭ বছর চলে। এরপর লক্ষণ শুরু। ধীরে ধীরে অবনতি। ৮-১০ বছর শয্যাশায়ী থাকার পর অবধারিত মৃত্যু। ডাক্তার-কবিরাজ কোনো কিছুই কাজে আসে না।
চোখের সামনে এভাবে অসহায় দুই ছেলের মৃত্যু দেখেছেন দিনমজুর ফকু তালুকদার ও তাঁর স্ত্রী খুশি বেগম। বাকি দুই ছেলেরও একইভাবে শেষ পরিণতি দেখার জন্য প্রহর গুনছেন বরগুনার আমতলী উপজেলার এই দম্পতি।
ফকু তালুকদার বললেন, এ রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে হাঁটু মোটা হয়ে যাওয়া, এরপর ধীরে ধীরে হাত-পা শুকিয়ে অচল হয়ে যাওয়া। এভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘কী করমু, চোহের সামনে পোলাগুলার মরণ দ্যাকতে আছি।’
৮ বছর বয়সে বড় ছেলে স্বপন তালুকদারের শরীরে পরিবর্তন দেখা দেয়। দুই পায়ের হাঁটু মোটা হয়ে যেতে থাকে। আস্তে আস্তে হাত-পা শুকিয়ে শিরায় খিঁচুনি দেখা দেয়, একপর্যায়ে অচল হয়ে যায়। বরিশাল ও ঢাকায় কয়েকটি সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়, কিন্তু কোনো চিকিৎসকই রোগ শনাক্ত করতে পারেননি। ৯ বছর বিছানায় থাকার পর ২০০৮ সালে মারা যায় স্বপন। একইভাবে বয়স ৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ছেলে রিপনের শরীরেও একই লক্ষণ শুরু হয়। ৮ বছর শয্যাশায়ী থাকার পর গত বছরের নভেম্বরে মারা যায় সে।
জনতে চাইলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অমিতাভ সরকার বলেন, ‘রোগের লক্ষণ শুনে মনে হচ্ছে এটা খুবই জটিল রোগ। এ ধরনের অনেক জটিল রোগই আছে। এখন পরীক্ষা-নিরীক্ষা না করে এটা কী রোগ, তা নিশ্চিত করে বলা যাবে না।’
ফকু তালুকদারের তৃতীয় ছেলে শিপন (১৫) এখন একইভাবে শয্যাশায়ী। তার হাত-পা চিকন হয়ে শুকিয়ে গেছে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বাঁকা হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে খাওয়াদাওয়া করতে হয়।
দরিদ্র বাবা-মা দিশেহারা হয়ে দিন-রাত কেবলই চোখের পানি ফেলছেন। কোনো চিকিৎসক তাঁদের বলেছেন, বাবা-মায়ের রক্তের গ্রুপ একই হওয়ায় ছেলেদের এ অবস্থা হচ্ছে। আবার কোনো চিকিৎসক এটাকে পোলিও রোগ বলেছেন। কিন্তু বাস্তবে কী রোগ হয়েছে, তা তাঁরা শনাক্ত করতে পারেননি।
এখানেই শেষ নয়। ছোট ছেলে সোলায়মান তালুকদার (১০) এবার সবে তৃতীয় শ্রেণির ছাত্র। তারও একই লক্ষণ দেখা দিয়েছে।
খুশি বেগম বলেন, ‘কানতে কানতে এহন চোহেও আর পানি নাই। চোহের সামনে দুইডা পোলা মরছে। আরও একটা পোলা বিছানায় শুইয়্যা রইছে, আর ছোট্ট পোলাডার পাও মোডা অইয়্যা শুকাইয়া যাইতে লাগছে। চোহের সামনে পোলাগুলার এমন মরণ কী কইরা বাপ-মায় দ্যাহে কন?’
১ ফেব্রুয়ারি কালীবাড়ি গ্রামে ফকু তালুকদারের বাড়িতে গিয়ে কথা বলে জানা যায়, অর্থ-বিত্তহীন একটি পরিবার। শুধু মাথা গোঁজার জন্য ছোট্ট জরাজীর্ণ টিনের দোচালা ঘর আর বাড়ির জমিটুকুই তাদের সম্বল।
ফকু তালুকদার দিনমজুরের কাজ করে সামান্য যা আয় করেন, তা দিয়েই চলে সংসার।
ছেলেদের কথা তুলতেই চোখ ঝাপসা হয়ে ওঠে তাঁর। কিছুক্ষণ পর স্বাভাবিক হলে ফকু তালুকদার বলেন, ‘শোকে শোকে এহন পাথর অইয়্যা গেছি। আগের মতন শক্তিও নাই, হেইতে কাম-কাইজও করতে পারি না। দুইটা পোলা মরছে, একটা বিছনায় পইড়া রইছে। যেকোনো সময় মইরা যাইবে। আশায় আলহাম, ছোট পোলাডা যদি বাইচ্চা থাকত! কিন্তু হেইয়্যারও তো কোনো আশা নাই। টাকাপয়সাও নাই যে ওরে একটু চিকিৎসা করামু।’
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
শিপন ও সোলায়মানকে গতকাল শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসকেরা বলছেন, শিপন ও সোলায়মান বিরল ও জীনঘটিত ডিএমডি (ডুশেন মাসকুলার ডিসট্রফি) রোগে আক্রান্ত। বংশানুক্রমিকভাবে এ রোগ হয়। প্রথমত আক্রান্ত ব্যক্তির মাংসপেশিগুলো গলে যায়; আস্তে আস্তে তা চামড়া ও হাড়ের সঙ্গে লেগে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মতিন গতকাল প্রথম আলোকে বলেন, এ রোগে আক্রান্ত ব্যক্তি কমবেশি ২০-২১ বছর বয়সে মারা যায়। তবে পুষ্টিকর খাবার খেলে রোগী ৩০-৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তিনি আরও বলেন, শিপন ও সোলায়মানকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।