মরণেও তাঁরা একসঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা-বাগান এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুই ‘প্রেমিক-প্রেমিকা’র লাশ পাওয়া গেছে। আজ রোববার পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে বড়লেখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত ওই দুই ব্যক্তি হলেন আকাশ তেলি (২০) ও হেমন্তী বার্মি দাস (১৭)। তাঁরা দুজনেই বাগানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ ও হেমন্তীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত এপ্রিলে অভিভাবকদের ইচ্ছায় রাজনগর উপজেলার এক তরুণীর সঙ্গে আকাশের বিয়ে হয়। দুর্গাপূজার কিছুদিন আগে আকাশের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। আজ সকাল ছয়টার দিকে শ্রমিকেরা কাজে যাওয়ার সময় বাগানের আবদুল্লাহ টিলার একটি অর্জুনগাছের ডালে একই রশির দুই প্রান্তে আকাশ ও হেমন্তীর লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রেমের সম্পর্ক নিয়ে মান-অভিমানের জের ধরে আকাশ ও হেমন্তী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।