মরণেও দুই বন্ধু রয়ে গেলেন পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কোন ছেলেবেলায় দুজন বন্ধু হয়েছিলেন। তারপর কৈশোর পেরিয়ে যৌবন। লেখাপড়ার পাঠ শেষ হয়ে এসেছিল। শুরু হয়ে গিয়েছিল জীবনের আরেক অধ্যায়ের তোড়জোড়। প্রতিটি মুহূর্তে দুজন থেকেছেন দুজনের পাশে। মরণেও তাই রইলেন।
গতকাল মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (২৪) আর মোস্তফা কামাল (২৫) নামের দুই বন্ধু চলে গেছেন না ফেরার দেশে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নরপাইয়া গ্রামের এই দুই তরুণের অকাল মৃত্যুতে দুটি পরিবারসহ পুরো গ্রামই শোকে বিহ্বল হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন আবুল কালামের ছেলে আলাউদ্দিন। গত ২৪ ফেব্রুয়ারি ছেলের বিয়ে দেন তাঁর মা-বাবা। আর দীন ইসলাম মেম্বারের ছেলে মোস্তফা কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১২ সালে ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। চাকরি পেলেই ছেলেকে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিলেন মোস্তফার মা-বাবা।
পারিবারিক সূত্র জানায়, বন্ধু আলাউদ্দিনের বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অতিথি আপ্যায়নের সব দায়িত্বই নিজ কাঁধে তুলে নিয়েছিলেন মোস্তফা। গতকালও আলাউদ্দিনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসার কথা ছিল। তাই সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু কেনাকাটা করতে যান হাসনাবাদ বাজারে। ফেরার পথে ইউনিয়নের আলী নকিপুর নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান। গুরুতর আহত আলাউদ্দিনকে প্রথমে নোয়াখালীর চাটখিল এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, পুরো গ্রামের বাতাস যেন শোকে ভারী হয়ে আছে। আলাউদ্দিনের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর মা বুক চাপড়ে আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা বাক্রুদ্ধ। আলাউদ্দিনের সদ্য বিবাহিত স্ত্রীর যেন কাঁদারও শক্তি নিঃশেষ। আর মোস্তফার বাড়িতে ছিল কবরের নীরবতা। ছেলের সঙ্গে সঙ্গে মোস্তফার মা-বাবার সব স্বপ্নও শেষ হয়ে গেছে।