মরণের পর স্বীকৃতি পেলেন মুক্তিযোদ্ধা আবদুল হান্নান
বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাননি। মরণের পর মুক্তিযোদ্ধা হিসেবে পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা আবদুল হান্নান গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন। বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হারুনুর রশীদের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে খিদিরপুর পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।কলকলিয়া ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত কক্ষে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশকে শত্রুমুক্ত করতে আবদুল হান্নান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ নিয়ে ৫ নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলীর নেতৃত্বে যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর অস্ত্র সমর্পণ করে সেক্টর কমান্ডারের স্বাক্ষরযুক্ত সনদ নিয়ে দেশে ফেরেন।তাঁর সহকর্মী মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দে বলেন, ‘আবদুল হান্নান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা ভোলাগঞ্জে একসঙ্গে যুদ্ধ করেছি। তাঁর নাম গেজেটে না থাকার ঘটনা দুঃখজনক।’জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রসরাজ বৈদ্য জানান, লেখাপড়া না জানায় তিনি তাঁর নাম গেজেটে অন্তর্ভুক্ত করতে পারেননি। পরবর্তী সময়ে ২০০৪ সালে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাঁর নাম গেজেটে অন্তর্ভুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হলেও তিনি বেঁচে থাকতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।আবদুল হান্নানের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘অভাবের কারণে জায়গা-জমি বিক্রি করে দুই বছর ধরে চেয়ারম্যানের সহায়তায় ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করছি। অন্যের বাড়িতে কাজ করে খেয়ে না-খেয়ে কোনো রকম বেঁচে ছিলাম। টাকার অভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। এখন আমি কী নিয়ে বাঁচব?’কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা আবদুল হান্নানের মাথা গোঁজার ঠাঁই না থাকায় তাঁকে ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত কক্ষে থাকার জায়গা দিয়েছিলাম।