মরণোত্তর চক্ষুদানে আগ্রহ কম, সচেতনতা প্রয়োজন

দিবসটির প্রতিপাদ্য, ‘রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ’।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ময়মনসিংহের আসিফ আহমেদ (২১) দুই বছর আগে মরণোত্তর চক্ষুদানের জন্য নিবন্ধন করেন। তবে আসিফ স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদানে আগ্রহী হলেও দেশের অধিকাংশ মানুষের মধ্যে চক্ষুদানের আগ্রহ কম। চক্ষুদানের মাত্র ৭ শতাংশ এসেছে স্বেচ্ছায় বা স্বজনদের সঙ্গে কথা বলে। বেওয়ারিশ লাশের চক্ষুই বেশি।

আজ মঙ্গলবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ’।

সংগীতশিল্পী মেহরীন মরণোত্তর চক্ষুদানের জন্য সন্ধানীতে নিবন্ধন করেছেন। তিনি বলেন, মানুষ যেন চক্ষুদানের বিষয়টি একটু ভেবে দেখেন।

বিশেষজ্ঞরা বলেন, মানুষের চোখের ওপর কালচে গোলাকার স্বচ্ছ ও প্রতিস্থাপনযোগ্য পর্দাকে কর্নিয়া বলা হয়। এই কর্নিয়া সংক্রমিত হলে বা ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি লোপ পেয়ে মানুষ অন্ধ হয়ে যায়। অন্য কারও কর্নিয়া নিয়ে তা প্রতিস্থাপন করার মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। বাংলাদেশে অন্ধ মানুষের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে কর্নিয়াজনিত সমস্যায় পাঁচ লাখের বেশি মানুষ দৃষ্টিহীন।

বাংলাদেশে চক্ষুদানের মাধ্যমে কর্নিয়া সংযোজনের কাজটি করে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। এর বাইরে দু–একটি বেসরকারি হাসপাতাল বিদেশ থেকে কর্নিয়া এনে সংযোজন করে।

সন্ধানী ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত ৪ হাজার ১০৪টি কর্নিয়া সংগ্রহ করেছে। এর মধ্যে ৩ হাজার ৪৫৯টি কর্নিয়া অন্যের চোখে বসানো হয়েছে। প্রত্যেকের কর্নিয়া নেওয়ার সময় রক্তও পরীক্ষা করা হয়। যদি অন্য কোনো অসুখ থাকে, তাহলে সেই কর্নিয়া নেওয়া হয় না। যাঁরা কর্নিয়া দিয়েছেন, তাঁদের মধ্যে সরাসরি দাতা ১২২ জন এবং হাসপাতালে মারা যাওয়ার পর স্বজনদের কাউন্সেলিং করে ১৭৯ জনের কাছ থেকে কর্নিয়া সংগ্রহ করা হয়। বাকি সব বেওয়ারিশ লাশের কর্নিয়া। মারা যাওয়ার ছয় ঘণ্টার মধ্যে এবং ময়নাতদন্তের আগে কর্নিয়া সংগ্রহ করতে হয়।

রক্তদান পরিস্থিতি: সন্ধানী রক্তদান নিয়েও কাজ করে। প্রতিষ্ঠানটি বলছে, দেশে বছরে পাঁচ লাখ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ পূরণ হয় পেশাদার রক্তদাতার মাধ্যমে।