মরণোত্তর চক্ষুদানের ঘোষণা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্ধানী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদানের কথা ঘোষণা করেছেন। আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিপুল করতালির মধ্যে রাষ্ট্রপতি ঘোষণা করেন, ‘আমার চোখে গ্লুকোমা রোগ আছে। আমি নিশ্চিত নই, আমার কর্নিয়া দান করাটা কোনো কাজে আসবে কি না। যদি এতে কোনো সহায়তা হয়, তাহলে আমি মরণোত্তর চক্ষুদানের কথা ঘোষণা করছি।’ খবর বাসসের।
সমাজের সব শ্রেণীর মানুষকে রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বহুবার স্বেচ্ছায় রক্তদান করেছি। বর্তমানে আমি বয়সের কারণে রক্ত দিতে পারছি না। কিন্তু আমি সব সময় স্বেচ্ছায় রক্তদানের সামাজিক আন্দোলনে সমর্থন দিয়ে যাব।’
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি এম. আলী আসগর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সমিতির মহাসচিব মো. হাবিব মিল্লাত প্রমুখ।
সন্ধানী এ পর্যন্ত নয় লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে এবং ৩৬ হাজার ২৭৫ জন মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় সন্ধানী এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশের মানুষের ভালোবাসা নিয়ে সন্ধানী আরও এগিয়ে যাবে।