মরণোত্তর দেহ দান করলেন অমরচান
‘এই দেহটা মরি গেলে তো পুড়ে ছাই করে দেওয়া হবে, তার চাইতে দান করলে তো দেহটা কাজে লাগব...’—কথাগুলো বলছিলেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দানকারী সিলেটের বাসিন্দা অমরচান।দেহ দানের উইল সম্পাদন করার আগে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে অমরচানের দেহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অসুল আহমদ বলেন, মরণোত্তর দেহ দানের বিষয়টি মানুষের জীবনের সবচেয়ে বড় মহত্ত্ব। অমরচানের যাবতীয় চিকিৎসার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ বহন করবে বলেও অসুল আহমদ জানান। চিরকুমার অমরচান এর আগে ১৯৯৩ সালে মরণোত্তর চক্ষু দান করেন।প্রথম আলোর সঙ্গে আলাপকালে অমরচান জানান, তাঁর জন্ম ১৯৪৫ সালে। বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচরে। ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় তাঁর বিএ পরীক্ষা আর দেওয়া হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন স্বেচ্ছাসেবী ছিলেন। সে সময় তিনি ভারতের বালাটের মুইলাম শরণার্থী শিবিরে মানুষের মরদেহ সৎকার করতেন। এ ছাড়া সুনামগঞ্জের ভাটি এলাকার মানুষের অধিকার আদায়ের সংগ্রামও করেছেন তিনি।