
রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী রাউধা আথিফের লাশের পুনঃ ময়নাতদন্তে আদালতের নির্দেশের পর গতকাল বৃহস্পতিবার তিন দিন পার হলেও কবর থেকে তাঁর মরদেহ তোলা হয়নি। ঠিক হয়নি দিনক্ষণও। তবে আগামী রোববারের পর লাশ উত্তোলন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
রাউধার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আসমাউল হক বলেন, ‘এমনিতে অনেক দিন হয়ে গেছে। আমরা চাইছিলাম যত দ্রুত সম্ভব লাশ তুলে ময়নাতদন্ত করতে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী রোববারের পর লাশ উত্তোলন করা হতে পারে।’
আসমাউল হক আরও বলেন, হত্যা মামলার একমাত্র সন্দেহভাজন আসামি রাউধার সহপাঠী ভারতের শিক্ষার্থী সিরাত পারভীন মাহমুদের পাসপোর্ট ব্লক বা অকার্যকর করে দেওয়া হয়েছে। তাঁকে দেশত্যাগ করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে।
গতকাল সকালে দ্বিতীয় দফায় ছাত্রী হোস্টেলে রাউধার কক্ষটি পরিদর্শন করেছেন মামলার তদন্তকারী সংস্থা সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা কক্ষের ফ্যান ও হোস্টেলের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্ক জব্দ করেন। এ সময় রাউধার বাবা মোহাম্মদ আথিফ তাঁদের সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে রাউধার বাবা সাংবাদিকদের বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীরা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সিআইডির কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে দরজা লাগিয়ে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করা হয়। কিন্তু দরজা খোলা সম্ভব হয়নি। তবে ঘটনার দিন কীভাবে খুলল? এটি বড় প্রশ্ন। যে ফ্যানের সঙ্গে রাউধার লাশ ঝুলেছিল বলে দাবি করা হচ্ছে, সেই ফ্যানে ঝুলে থাকা সম্ভব কি না, সেটিও তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন।’
এদিকে রাজশাহী সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান বলেন, ‘ফ্যানে যদি ৫০-৫৫ কেজি কিছু ঝোলে, তবে সেখানে কিছু চাপ পড়বে। ফ্যানটি নিয়ে আমরা পরীক্ষা করে দেখতে চাই সেখানে কোনো চাপের আলামত আছে কি না। ঘটনা হত্যা না আত্মহত্যা, আমরা তা নিশ্চিত হয়েই বলব।’
মামলার তদন্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, ‘রাউধার বাবার অভিযোগ ছিল, হোস্টেলের সিসি ক্যামেরায় ঘটনার আগের দিনের ফুটেজ আছে, পরের দিনেরও আছে। কিন্তু ঘটনার দিনের ফুটেজ নেই। সেটি যাচাই-বাছাই করার জন্য ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্ক আমরা নিয়ে এসেছি।’
গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ।