মরদেহ দেখতে ফজলুর রহমানের বাসায় খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুর রহমান পটল
ফজলুর রহমান পটল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর উপদেষ্টা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের (৬৫) মরদেহ দেখতে দলীয় এই নেতার বনশ্রীর বাসভবনে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফজলুর রহমানের বনশ্রীর বাসায় যান খালেদা জিয়া। তিনি দীর্ঘদিনের এই রাজনৈতিক সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেখানে আধা ঘণ্টা থাকার পর রাত ১১টার দিকে ওই বাসা থেকে বেরিয়ে যান বিএনপির চেয়ারপারসন। এরপর ফজলুর রহমানের মরদেহ বারডেমে নিয়ে যাওয়া হয়। সেখানে হিমঘরে মরদেহ রাখা হয়েছে।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বনশ্রী জামে মসজিদে এশার নামাজের পর তাঁর প্রথম নামাজে জানাজা হয়। রোববার সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা হবে। পরে মরদেহ নাটোরে নিজ গ্রামে নেওয়া হবে।
গত বৃহস্পতিবার রাতে ফজলুর রহমান কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন।