চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে উদ্ধার হওয়া দুই স্কুলছাত্রীর লাশের ময়নাতদন্ত গতকাল বৃহস্পতিবার জেলার সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, লাশ দুটিতে কিডনি ও চোখ পাওয়া যায়নি। তবে লাশ দুটির শরীরে কাটাছেঁড়ার কোনো চিহ্ন ছিল না। শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গ ছিল।
নিখোঁজ হওয়ার চার দিন পর গত বুধবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার হয়। এ দুই ছাত্রী হলো উপজেলার পাকা ইউনিয়নের চরকানছিঁড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লতিফা খাতুন এবং একই গ্রামের আবদুল লতিফের চাচাতো ভাই আশরাফুল আলমের মেয়ে সমবয়সী ও সহপাঠী আঁখি আক্তার।
আবদুল লতিফ ও আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পাশের গ্রামের কয়েকজনকে এলাকায় আর দেখা যাচ্ছে না। গ্রামের অনেকের মতো তাঁরাও সন্দেহ করছেন যে এই পলাতক ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত।
মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, মরদেহ দুটি পচা ও পোকায় খাওয়া অবস্থায় পাওয়া যায়। সে ক্ষেত্রে কিডনি ও চোখের অস্তিত্ব নাও পাওয়া যেতে পারে। শরীরের সঙ্গে মাথাও ছিল। নিখোঁজ হওয়ার দিন (২৮ মার্চ) তারা ভুট্টাখেতের পাশে আমবাগানে আম কুড়াতে গিয়েছিল। ধর্ষণের উদ্দেশ্যে তাদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চরের গ্রাম চরকানছিঁড়া ডাক্তারপাড়ায় গিয়ে দেখা যায়, গোটা গ্রামের মানুষ শোকে কাতর। লতিফা ও আঁখির বিদ্যালয় চর বাবুপুর প্রাথমিক বিদ্যালয় ছিল শিক্ষার্থীশূন্য। লতিফা ও আঁখির প্রসঙ্গ উঠতেই তিনজন সহকারী শিক্ষকের চোখে পানি চলে আসে। সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘বুধবার দুপুরে দুজনের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর ছাত্রছাত্রীদের আর ক্লাসে ধরে রাখা যায়নি। আমরা শিক্ষকেরাও ছুটে গেছি। গোটা এলাকাতেই শোক চলছে।’
মরদেহ উদ্ধারের পর প্রত্যক্ষদর্শী কানছিঁড়া গ্রামের সাইফুদ্দিন বলেন, ‘মরদেহ দুটিতে চোখ ছিল না, গলা কাটা ছিল। অ্যাসিডে ঝলসানোর মতো ছিল দেহ। আঁখির হাত বাঁধা ছিল পিছমোড়া করে। আমাদের ধারণা, এ দুজনের কিডনি ও চোখ নিয়ে গেছে দুর্বৃত্তরা।’ সাইফুদ্দিনসহ গ্রামের ১০-১২ জন জানান, মরদেহ দুটির সন্ধান পাওয়ার পর আশপাশের কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে আসে।
নিহত লতিফার বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর মা হাসনারা বেগম নিথর হয়ে বসে আছেন। পাশে থাকা নারীরা হাতপাখা দিয়ে তাঁকে বাতাস করছেন। তাঁরা জানান, আহাজারি করে কেঁদে কেঁদে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
এদিকে দোভাগী দাখিল মাদ্রাসা মাঠে গতকাল বেলা দুইটার দিকে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজা শেষে গ্রামের কবরস্থানে দুজনকে দাফন করা হয়।