মরদেহের মর্যাদাপূর্ণ ব্যবস্থাপনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে আলোচকেরা বলেছেন, জীবিত অবস্থায় একজন ব্যক্তি যে মর্যাদা ও সম্মানের দাবিদার, মৃত্যুর পরও তিনি সমান মর্যাদা ও সম্মানের অধিকারী। তাই সশস্ত্র সংঘাত, সহিংসতা বা দুর্যোগের পর মরদেহের মর্যাদাপূর্ণ ও সঠিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা রাজনৈতিক পরিচিতি নির্বিশেষে মরদেহের প্রতি এ মর্যাদা অক্ষুণ্ন রাখা জরুরি।
‘ইসলাম ও আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে মৃত ব্যক্তির প্রতি সম্মান’ শীর্ষক এই সেমিনার গতকাল শনিবার একটি হোটেলে শুরু হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) দুই দিনের এই সেমিনারের আয়োজন করেছে।
আলোচনায় অংশ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আবদুর রউফ বলেন, সব ধর্মেই জীবিত ও মৃত মানুষকে সম্মান দেখানোর শিক্ষা দেওয়া হয়। বলা হয়, মৃত ব্যক্তির প্রতি অমানবিক বা বিদ্বেষপূর্ণ আচরণ করা যাবে না, তাঁকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে সৎকারের ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক মানবিক আইনেও এই নীতির প্রতিফলন রয়েছে। পবিত্র কোরআনের কয়েকটি আয়াত উদ্ধৃত করে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর আলম বলেন, ইসলাম ধর্মে মৃত ব্যক্তিকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে কবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইসিআরসির সাধারণ সম্পাদক বিএমএম মাজহারুল হক বলেন, রানা প্লাজা ধস বা লঞ্চডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। তাই বাংলাদেশে মরদেহ ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইসিআরসি ২০১১ সাল থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে মরদেহের ব্যবস্থাপনায় আঞ্জুমান মুফিদুল ইসলামের সঙ্গে কাজ করছে।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক খিজির হায়াত খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইসিআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোলা বলেন, আইসিআরসি অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করে।