মরমি কবি পাগলা কানাইয়ের জন্ম উৎসব শুরু
ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ২০৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবির মাজার প্রাঙ্গণে তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠানমালা।
গতকাল সকালে কবির মাজার ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা, লাঠিখেলা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ’-এর সাধারণ সম্পাদক আবদুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, খুলনা বিভাগীয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান ও স্মৃতি সংরক্ষণ সংসদের সহসভাপতি নজরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাগলা কানাই-গবেষক আক্কাস আলী। আলোচনা সভা শেষে চারণ কবি পাগলা কানাই নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কবি রচিত ধুয়াজারি গান পরিবেশন, নাটক ও পালাগান। কাল শনিবার শেষ হবে পাগলাই কানাইয়ের জন্মজয়ন্তী উৎসব।
কবি পাগলা কানাই বাংলা ১২১৬ সনের ২৫ ফাল্গুন বেড়বাড়ি গ্রামে জন্ম নেন। মারা যান ১২৯৬ সনের ২৮ আষাঢ়। ‘জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পর না, মন তুমি মরার ভাব জান না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না’—এমন অসংখ্য মরমি গানের স্রষ্টা তিনি।