মরলেই ক্ষতিপূরণ, আহত শ্রমিকের খোঁজ নেয় না কেউ
পানির লাইনের মিস্ত্রি মো. রাজীব হোসেন ভবন তৈরির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পুরো গায়ে ব্যান্ডেজ বেঁধে সারা দিন ঘরে শুয়ে কাতরান। ভবনমালিকের কাছে চিকিৎসার টাকা চাইলে মালিক ‘আল্লাহ’কে ডাকতে বলে বিদায় করে দিয়েছেন।
কেবল রপ্তানিমুখী তৈরি পোশাক খাত ছাড়া বাংলাদেশের অন্যান্য খাতের শ্রমিকদের আহত হলে রাজীব হাসানের মতোই বঞ্চনার শিকার হচ্ছেন। আইনে থাকলেও আহত হলে মালিকেরা ক্ষতিপূরণ দেন না। কেবল মারা গেলেই এক লাখ টাকা ক্ষতিপূরণ পায় পরিবার।
বাংলাদেশে শ্রমিকের সংখ্যা কত, কত শ্রমিক আহত হন, কতজন ক্ষতিপূরণ পান, এর কোনো তথ্য শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কাছে নেই। বেসরকারি সংস্থার কাছ থেকেও পাওয়া যায়নি নির্ভরযোগ্য তথ্য।
বাংলাদেশের শ্রম আইনে ‘সামান্য দুর্ঘটনা’ বা ‘বিপজ্জনক দুর্ঘটনা’য় মহাপরিদর্শক, জেলা প্রশাসক, কলকারখানা পরিদর্শক, ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল, থানা বা শিল্প পুলিশকে জরুরি ভিত্তিতে মালিকপক্ষের জানানোর কথা। আহত শ্রমিকের চিকিৎসার পুরো খরচ, সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ও অসুস্থ অবস্থায় মজুরি দেওয়ার বিধান আছে। আইনে ভালো ভালো কথা লেখা থাকলেও সত্যিকারের চিত্রটা উল্টো।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, দেশে প্রায় ৮২ লাখ ‘ইনস্পেকশন ইউনিট আছে’, যেখানে শ্রমিকেরা কাজ করে থাকেন। আইন অনুযায়ী কোনো শ্রমিক যদি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে না পারেন, তাহলে সরকারি কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতা আছে। সামান্য দুর্ঘটনার খবর কেউ জানায় না। বিপজ্জনক দুর্ঘটনার কারণে প্রাণহানি হলে ১৫ থেকে ২০ শতাংশ নামকরা প্রতিষ্ঠান সরকারকে জানায়। বড় দুর্ঘটনায় অনেকের প্রাণহানি হলে সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি গিয়ে হাজির হন। তখন আহত-নিহত সম্পর্কে তথ্য পাওয়া যায়।
দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে দুর্ঘটনার পর কারাখানার মালিক গা ঢাকা দেন, ঠিক সময়ে মামলা হয় না, মামলা হলেও আসামি পুলিশ ধরতে পারে না এবং শ্রমিকেরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হন। সম্প্রতি ঘটে যাওয়া দুটি বড় দুর্ঘটনা টাম্পাকো ফয়েলস লিমিটেড ও আশুলিয়ার কালার ম্যাক্স বিডি লিমিটেডের উদাহরণ। দুর্ঘটনায় এ দুটি কারখানায় ৪৬ জন নিহত ও ৬৬ জন আহত হন।
শ্রম আদালত সূত্র জানিয়েছে, টাম্পাকোর মালিক সৈয়দ মকবুল হোসেন নিহত ২৫ শ্রমিকের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদালতে জমা দিয়েছেন। আর কালার ম্যাক্স বিডির মালিকপক্ষের একজন প্রতিনিধি এসে আহত শ্রমিকদের ১০ হাজার টাকা করে দিয়ে চলে গেছেন।
যেসব কারখানায় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানি হয়নি, সেখানে মালিকেরা গা ঢাকা দেওয়ারও চেষ্টা করেন না। কাউকে জানানোর নজিরও নেই।
বেশি দুর্ঘটনা নির্মাণ খাতে, রেওয়াজই নেই ক্ষতিপূরণের
শ্রম মন্ত্রণালয় সূত্র বলছে, নির্মাণ খাতে প্রতিবছর সবচেয়ে বেশি শ্রমিক আহত হন। আঘাতের মাত্রা যা-ই হোক না কেন, শ্রমিকেরা ক্ষতিপূরণ পান না। জানা গেছে, নির্মাণ প্রতিষ্ঠানগুলো শ্রম ঠিকাদারের (চলতি কথায় সরদার) মাধ্যমে শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন। কোনো দুর্ঘটনা ঘটলে নির্মাণ প্রতিষ্ঠান আর দায় নেয় না। সরদারকেও খুঁজে পাওয়া যায় না। ব্যক্তিমালিকানায় নির্মিত ভবনে দুর্ঘটনার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়।
গতকাল সোমবার ঢাকার মধ্য মণিপুরে মো. রাজীব হোসেন নামের একজন শ্রমিকের সঙ্গে কথা হয়। তিনি কাজ করার সময় অগ্নিদগ্ধ হন। থেমে থেমে তিনি প্রথম আলোকে বলছিলেন, ‘পাইপ লইয়া ওপরে উঠছি, কারেন্টের লাইনে লাগছে। আর কিছু মনে নাই। বাঁশ দিয়া বাড়ি মাইরা মানুষ নামাইছে। পরে শুনছি মালিক নিজের গেট বন্ধ কইরা দিছে। দেয়াল টপকায়া বাউন্ডারির ভিতরে লোক ঢুইকা আমারে বাইর করছে।’ রাজীবের ডান হাত, ডান পা ও বুক পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাঁকে এক আত্মীয়ের বাসায় নিয়ে আসতে বাধ্য হন রিকশাচালক বাবা মো. ইনায়েত হোসেন। রাজীবের আত্মীয় প্রথম আলোকে বলেন, ‘মালিক কোনো টাকাপয়সা দেয় নাই। বলছে আল্লাহ আল্লাহ করো। আর মলম লাগাও। এইটা কি যেমন-তেমন পুড়া যে মলম লাগাইলে সারব?’
মো. বাতেন মিয়া (৪৫) গ্যাস পাইপলাইনে ঝালাইয়ের কাজ করতেন। এ বছরের ২৭ মে দ্য পাইপলাইন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের হয়ে মাটির ১০ ফুট নিচে গ্যাস পাইপলাইনে কাজ করছিলেন। সেখানেই মাটিচাপা পড়েন। বাকি জীবন তাঁকে হুইলচেয়ারে কাটাতে হবে বলে জানিয়েছেন বাতেন মিয়ার ভাই নোমান মিয়া। তিনি আরও বলেন, আজ মঙ্গলবার পর্যন্ত তাঁর ভাই চিকিৎসা বাবদ মালিকপক্ষ থেকে পাঁচ হাজার টাকা পেয়েছেন। ভবিষ্যতে যেন বাতেন মিয়া কিছু একটা করে চলতে পারেন, এমন প্রতিশ্রুতি পেলেও প্রতিশ্রুতি পূরণের কোনো তোড়জোড় নেই।
নির্মাণশ্রমিক মো. মনির হোসেন। ৩০০ টাকা মজুরিতে কাজ করছিলেন মধ্য বাড্ডায়। তিনতলা থেকে পড়ে গিয়ে এখন পক্ষাঘাতগ্রস্ত। মানিকগঞ্জ সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এখন সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন। এলাকার লোকজন চাঁদা তুলে চিকিৎসা করাচ্ছেন।
জানতে চাইলে আবাসন প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আবাসন নির্মাণ খাতে শ্রমিকদের দুর্ঘটনায় আহত হওয়ার হার খুবই কম। যাঁরা আহত হন, তাঁদের প্রায় সবার চিকিৎসা ব্যয় মালিকপক্ষ বহন করে থাকে।’ তাঁর মতে, দুর্ঘটনাগুলো ঘটে থাকে নির্মাণ খাতে, যেখানে ঠিকাদারির ভিত্তিতে ভবন নির্মাণ ও অন্যান্য কাজ হয়ে থাকে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পাশের দেশ ভারতে সরকার, নির্মাণ প্রতিষ্ঠান ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে কমিটি আছে। আমাদের দেশে তেমনটা নেই। আহত শ্রমিক যেন ক্ষতিপূরণ পান, তা দেখভাল করে এই কমিটি।’
আইনের ফাঁকফোকর খোঁজেন মালিকেরা
শ্রম আইন অনুযায়ী নিহত শ্রমিকের ক্ষতিপূরণ শ্রম আদালতে জমা দেওয়ার কথা। আর আহত শ্রমিকেরা মালিকের কাছ থেকে সরাসরি ক্ষতিপূরণ পাবেন। না পেলে তখন তিনি আদালতে যাবেন। এই সুযোগটি অনেক মালিকই কাজে লাগাচ্ছেন। প্রায়ই চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে বলছেন ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ প্রথম আলোকে বলেন, ‘আহত শ্রমিকদের ক্ষতিপূরণ অপর্যাপ্ত এবং আদালতের মাধ্যমে আদায়ের প্রক্রিয়া জটিল। ক্ষতিপূরণের বিষয়টি শ্রমিকদের অনেকে জানেন না, যাঁরা জানেন, তাঁরা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক সময় যেতে চান না।’
শ্রম আইনের তফসিলে হাত, পা, চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারালে এবং মুখাবয়ব মারাত্মক বিকৃতি হলে শ্রমিক ১ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন। এর বাইরে অন্যান্য আঘাতের ক্ষেত্রে মাত্রাভেদে শ্রমিক আড়াই হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। দেশে শ্রম আদালত সাতটি। এই সামান্য অর্থের জন্য অনেকেই দূরদূরান্ত থেকে আদালতে আসতে চান না।
সেফটি অ্যান্ড রাইটস ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কাজ করছে। এই সংস্থার নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা প্রথম আলোকে বলেন, ‘অনেক শ্রমিক পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত। সশরীরে তাঁদের হাজিরা দিয়ে ক্ষতিপূরণের দাবি করতে হয়। আইনে বাড়িতে বসে কথা বলা বা দাবি করার সুযোগ আছে। সে ক্ষেত্রে একটি কমিশন বাড়ি গিয়ে আহত শ্রমিকের সঙ্গে কথা বলে আসতে পারেন। সে ক্ষেত্রে কমিশনের যাতায়াত খরচ শ্রমিককে বহন করতে হয়। এত টাকা তাঁরা কোথায় পাবেন।’
আইনের আশ্রয় নিলেই যেসব সময় শ্রমিক ক্ষতিপূরণ পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই। লালমনিরহাটের পাটগ্রামের পাথরভাঙা শ্রমিকদের বড় অংশ সিলিকোসিস নামের রোগে ভুগছেন। ক্ষতিপূরণের দাবি নিয়ে আদালতে যাওয়ার পর শুধু এ বছরেই তাঁদের ১১টি মামলা খারিজ হয়েছে। বাকি ৫৪ মামলা বিচারাধীন।
মো. ফরিদুল ইসলাম নামের এক শ্রমিক প্রথম আলোকে বলেন, ‘চার বছর কাজ করেছি। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। বুকে চাপ লাগে। ডাক্তার এই কাজ করতে নিষেধ করলেন। মামলা করেছিলাম। বিচার পেলাম না।’
আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বাধা নিয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘শ্রমিকেরা অভিযোগ নিয়ে এলে আমরা এর প্রতিকারের চেষ্টা করি। অনেক সময় শ্রমিক ও মালিক উভয়েই ক্ষতিপূরণ সম্পর্কে জানেন না।’