মরা খালে প্রাণ ফিরেছে কৃষক পরিবারে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামে খনন করা ডাকাতিয়া খালের পানিতে সাঁতার কেটে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা৷ গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বরগুনার পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামে খনন করা ডাকাতিয়া খালের পানিতে সাঁতার কেটে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা৷ গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলার মাদারতলীর একটি মরা খাল প্রাণ ফিরে পেয়েছে। গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাঁধ কেটে খালে পানির প্রবাহ চালু করার পর স্থানীয় তিনটি গ্রামের প্রায় দুই হাজার কৃষক পরিবারে আনন্দ ফিরে এসেছে।
উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের কৃষক পহালন বলেন, ‘এই খালটি খনন করায় আমাদের তিন গ্রামের কৃষিতে বিপ্লব ঘটবে৷ আগে আমরা পানির অভাবে এক ফসল পেতাম৷ এখন তিন ফসল তুলতে পারব৷ এখন থেকে খেয়ে-পরে ভালো থাকতে পারব৷ এ জন্য আমরা খুব খুশি হয়েছি৷’ একই ধরনের কথা বলেন ওই গ্রামের কৃষক ওয়ারেস, করইতলা গ্রামের আবদুস সোবহান, হোগলাপাতি গ্রামের আনোয়ার হোসেনসহ অন্তত ২০ জন৷
কৃষক ও কৃষি কার্যালয় সূত্র জানায়, পাথরঘাটার মাদারতলী ও কড়ইতলা এবং পাশের বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের কৃষকেরা ডাকাতিয়া খালের মাত্র দুই কিলোমিটারে পানি না থাকায় প্রতিবছর সেচসংকটে পড়তেন৷ ফলে তাঁদের আবাদি ফসল মার খাচ্ছিল। সম্প্রতি কৃষকদের অনুরোধে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) গত এক মাসে খালটি খনন করে৷ গতকাল দুপুরে খালের গোড়ার বাঁধ কেটে পানির প্রবাহ চালু করা হয়৷ এর ফলে এখন থেকে তিনটি গ্রামের এক হাজার ৩০০ একর কৃষিজমি সেচসুবিধা পাবে৷
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, খনন করা খালের মাদারতলী মোহনার বাঁধ কেটে দেওয়ার তীব্র বেগে মরা খালে জোয়ারের পানির প্রবাহ শুরু হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় অনেক কৃষক ও তাঁদের পরিবারের লোকজন পানিতে লাফিয়ে পড়েন৷ তাঁরা খালে সাঁতার কেটে উচ্ছ্বাস প্রকাশ করেন৷ ডাকাতিয়া খালটি মাদারতলী গ্রামের কাছে চলাভাঙা খালের মোহনা থেকে পাশের নাঙ্গলভাঙা খালের মোহনার স্লুইসগেট পর্যন্ত বয়ে গেছে।
উপস্থিত কৃষকেরা জানান, প্রাকৃতিকভাবেই এ শাখা খালের সৃষ্টি৷ বহু দিন ধরে খালে পানি না থাকায় শুকনো মৌসুমে ফসল চাষাবাদ করলেও সেগুলো সেচের অভাবে নষ্ট হয়ে যেত৷ আবার বর্ষা মৌসুমে পানি সরানোর ব্যবস্থা না থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো৷ প্রায় দুই হাজার কৃষক পরিবার পানিসংকটে দিশেহারা হয়ে পড়ে।
স্থানীয় মাদারতলী কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মীর আবদুল আজিজ বলেন, ‘বারসিকের মাধ্যমে আমরা সংগঠিত হয়ে প্রশাসনের কাছে দাবি জানাই। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিএডিসি সাড়া দিয়ে খালটি খনন করে। এতে আমাদের এক ফসলি জমি আবার তিন ফসলে ভরে উঠবে।’
বারসিকের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাত্র দুই কিলোমিটার খালের কারণে এলাকার কয়েক শ একর কৃষিজমির ফসল নষ্ট ও বর্ষা মৌসুমে জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। বারসিক কৃষকদের উদ্বুদ্ধ করে খাল খননের দাবির সঙ্গে সম্পৃক্ত করে। কৃষকদের দাবির কারণে প্রশাসন খালটি খননের উদ্যোগ নেয়।
এ ব্যাপারে পাথরঘাটা ও বামনা উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান বলেন, এখন থেকে ওই তিন গ্রামের কৃষকেরা তাঁদের
সেচসংকট মোকাবিলা করতে পারবে। এ ছাড়া বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা রোধ হয়, এ জন্য তিনটি কালভার্ট ও আটটি পাইপ কালভার্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।