মরা গরু জবাই, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলা সদরে মরে যাওয়া গরু গোপনে জবাই করার অপরাধে এক মাংসবিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রানীনগর উপজেলা সদরের চকাদিন গ্রামের মাংসবিক্রেতা নাজমুল হক (২০) পাশের কাটনারশিন গ্রাম থেকে একটি গাভি কেনেন। তিনি ভটভটিতে করে বাজারে নেওয়ার পথে রানীনগর বাজারের কাছে রেলগেট এলাকায় সেটি মারা যায়। নাজমুল কৌশলে ভটভটিটি একটি নির্জন স্থানে নিয়ে ব্লেড দিয়ে গরুটি জবাই করার সময় এলাকার কয়েকজন টের পেয়ে থানায় খবর দেন। রানীনগর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নাজমুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) নূরউদ্দিন আল ফারুক বলেন, মরে যাওয়া গাভির পেটে বাচ্চা ছিল। তা ছাড়া নাজমুল গরু জবাই করতে ছুরির পরিবর্তে ব্লেড ব্যবহার করায় জবাইয়ের প্রক্রিয়া নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। নাজমুল চকাদিন গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি আরেকজন কসাইয়ের সহযোগী হিসেবে মাংস বিক্রি করেন। শুক্রবার রাতেই তাঁকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।