মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুজনের জরিমানা

পচা মাংস বিক্রির দায়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত বলছেন, এসব মাংস ছিল মরা গরুর। বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট স্টেশনে এ ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এ অভিযান চালান। এ সময় পোকা ও দুর্গন্ধযুক্ত ৬০ কেজি মাংস জব্দ করা হয়।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, স্থানীয় ব্যবসায়ী আলী আহমদ সকালে খাওয়ার হোটেলের জন্য মাংস কেনেন। বাড়িতে নেওয়ার পর দেখা যায় মাংস থেকে পোকা এবং দুর্গন্ধ বের হচ্ছে। পরে ওই ব্যবসায়ী বিষয়টি অবগত করলে কয়েকজন জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ গিয়ে মাংস বিক্রেতা রুস্তম আলী (৫০) ও আরিফকে (৩৫) পচা মাংসসহ আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা করেন। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পচা মাংসগুলো স্থানীয় চেয়ারম্যানকে মাটিতে পুঁতে ফেলতে নির্দেশ দেওয়া হয়।