মরা গরুর মাংস বিক্রি, দুজনের জরিমানা
রাজশাহীর বাঘায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই মাংস বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
দুই মাংস বিক্রেতা হলেন উপজেলার গাঁওপাড়া গ্রামের রতন আলী ও সারোয়ার হোসেন। তাঁরা জরিমানার টাকা দিয়ে ছাড়া পান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাকিব হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মাংস বিক্রেতা আবদুল মান্নান গত রোববার একটি গরু কিনে আনেন। কিন্তু রাতেই গরুটি মারা যায়। তিনি ওই মরা গরুই জবাই করে বিক্রির জন্য রতন ও সারোয়ারের মাধ্যমে বাজারে পাঠান। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্যানিটারি ইন্সপেক্টর আবদুল হান্নানও বিষয়টি জানতে পারেন। পরে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে মরা গরুর মাংসই বিক্রি করা হচ্ছে।