মরা গরুর মাংস বিক্রির অভিযোগ দুজনের দণ্ড
পঞ্চগড়ে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজন মাংস ব্যবসায়ীকে (কসাই) বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার ইমাম গতকাল সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন।মাংস ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে (৪০) এক বছর এবং ফারুক হোসেনকে (২২) ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁদের বাড়ি পঞ্চগড় শহরের শিংপাড়া মহল্লায়।পঞ্চগড় থানার পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম গতকাল ভোরে নিজের বাড়িতে একটি মৃত গরু জবাই করেন। এর কিছু মাংস পাশের ব্যারিস্টার বাজারের মাংস ব্যবসায়ী ফারুক হোসেনের দোকানে দেন বিক্রির জন্য। খবর পেয়ে পুলিশ দুপুরে ওই দোকান থেকে মাংস উদ্ধার ও ফারুক হোসেনকে আটক করে। পরে আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মরা গরুর মাংস উদ্ধার ও তাঁকে আটক করে। পুলিশ মাংসসহ আটক দুজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।