মরা গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
মরা গরুর মাংস বিক্রির দায়ে ফরিদপুরের ভাঙ্গায় এক মাংস বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীরের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ড পাওয়া জাহাঙ্গীর ফকির (৩২) ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা। ভাঙ্গা পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর গোলাম মাওলা জানান, জাহাঙ্গীর একটি মরা গরুর মাংস বিক্রির জন্য গত শুক্রবার সকালে ভাঙ্গা থানাসংলগ্ন বাজারে তাঁর দোকানে নিয়ে আসেন। এ সময় বাজারে অভিযান চালালে তিনি পালিয়ে যান। তাঁর দোকান থেকে মরা গুরুর প্রায় আড়াই মন মাংস জব্দ করা হয়। দুপুরে পুলিশ বাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। জব্দ করা মাংস পরে মাটির নিচে পুঁতে ফেলা হয়।ইউএনও বাবর আলী মীর বিকেলে ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। জাহাঙ্গীর টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়।