মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের সাজা
রাজশাহীর বাগমারায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক কসাইয়ের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। তবে তাঁর সহযোগীরা পালিয়ে গেছে। কসাইয়ের বাড়ি দানগাছি গ্রামে। নাম সুইট আলী (২১)। র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মাহফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারের কয়েকজন কসাই একটি বস্তায় ভরে জবাই করা একটি গরুর মাথা, পা ও নাড়িভুঁড়ি বারানই নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় র্যাবের একটি দল ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা বিষয়টি প্রত্যক্ষ করে। কসাইরা র্যাবকে দেখতে পেয়ে তা নদীতে না ফেলে বস্তাটি বাজারের কসাইখানায় ফিরিয়ে আনেন।পরে র্যাব ঘটনাস্থল থেকে কসাই সুইট আলীকে আটক করে। র্যাবের জিজ্ঞাসাবাদে সুইট জানান, বৃহস্পতিবার মরা গরুটি তাহেরপুর এলাকা থেকে নামমাত্র দামে কিনে শুক্রবার ভোরে তা জবাই করা হয়। জবাই করা মাংসের কিছু স্থানীয় হোটেলে বিক্রি করা হয়েছে এবং কিছু মাংস ফ্রিজে রাখা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সুইট মরা গরুর মাংস বিক্রি করার কথা স্বীকার করলে আদালতের বিচারক ও বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান কসাই সুইটের ছয় মাসের কারাদণ্ড দেন।