মরা গরুর মাংস বিক্রির দায়ে তিনজনের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকার সুলতানগঞ্জ হাটে মরা গরুর মাংস বিক্রির দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গরুর মালিক উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের হাফিজার রহমান (৪৫), শাহনগর গ্রামের মাংস ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) ও বেজোড়া গ্রামের মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫)। তাঁদের মধ্যে হাফিজার ও শফিকুলকে ছয় মাসের ও রফিকুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর জব্দ করা মরা গরুর মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, কামারপাড়া গ্রামের হাফিজার রহমানের একটি গরু মারা গেলে তা জবাই করে মাংস শফিকুল ও রফিকুলের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল। মরা গরুর মাংস বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুবায়েত খান পুলিশের সহযোগিতা নিয়ে আজ দুপুরে সুলতানগঞ্জ হাটে অভিযান চালান। এ সময় মরা গরুর মাংস জব্দ করেন এবং অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন ব্যক্তিকে কারাদণ্ড দেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।’