মরা গাছ কিনে জীবিত গাছ কাটার অভিযোগ
ফরিদপুরের মধুখালী উপজেলায় দরপত্রের মাধ্যমে মরা গাছ কিনে এক ব্যক্তি জীবিত গাছ কাটছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিনে উপজেলা পরিষদের চত্বর থেকে গাছগুলো কাটা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭-৮৮ অর্থবছরে উপজেলা পরিষদ চত্বরে মেহগনি, শিশু, তাল, খেজুর, কড়াইসহ বিভিন্ন প্রজাতির সাত শতাধিক গাছের চারা লাগানো হয়। এগুলোর মধ্যে ৬১টি গাছ ভাইরাসজনিত রোগে আক্রান্ত ও ঝড়ে ভেঙে গিয়ে মরে যায়। এসব গাছ ৮ সেপ্টেম্বর খোলা দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। উপজেলার গাড়াখোরা মহল্লার বাসিন্দা সাইফুর রহমান দুই লাখ ৮৭ হাজার ৮৫০ টাকায় এগুলো কিনে নেন।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সাইফুর রহমান গত বৃহস্পতিবার থেকে শ্রমিক নিয়োগ করে কাজ কাটা শুরু করেছেন। কিন্তু তাঁর শ্রমিকেরা মরা গাছের পাশাপাশি পাঁচটি জীবিত গাছও কেটে ফেলেছেন। তবে সাইফুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিরউদ্দিন মাহমুদ বলেন, জীবিত গাছ যাতে না কাটা হয়, সে জন্য প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। তাই এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।