মরা গাছ ভেঙে পড়ে আহত হচ্ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের পাশের অনেক গাছ মরে গেছে। আরও অনেক গাছ মরে যাচ্ছে। মরা-আধমরা এসব গাছ কাটা হচ্ছে না। বিভিন্ন সময় এসব গাছের ডাল ভেঙে পড়ে পথচারীরা আহত হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, গত ৩ মার্চ পীরগঞ্জ পৌরসভার পূর্ণিমা সিনেমা হলের সামনে ঠাকুরগাঁও জেলা পরিষদের শতবর্ষী আধমরা আমগাছের একটি বড় ডাল ভেঙে পড়ে। এতে আহত হয় পাঁচজন। ওই গাছের নিচে বেশ কিছু দোকান আছে।

এ ছাড়া এই গাছের নিচ দিয়ে অনেক মানুষ চলাফেরা করে থাকে। আরও ডাল ভেঙে পড়ার আশঙ্কায় গাছটির নিচ দিয়ে লোকজন চলাফেরা করা কমিয়ে দিয়েছে। এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি বৈরচুনা সড়কের পাশের একটি কাঁঠালগাছের ডাল ভেঙে আহত হন এক নারীসহ দুজন।

গত কয়েক দিন পীরগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, পীরগঞ্জ-নসিবগঞ্জ সড়কের পাশে পাঁচটি, পীরগঞ্জ-জাবরহাট-বৈরচুনা সড়কের পাশে ২৪টি, পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের পাশে ১১টি, পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে নয়টি, পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে নয়টিসহ পীরগঞ্জ-কাতিহার, পীরগঞ্জ-সেনগাঁও রোড ও অন্যান্য সড়কের পাশে তিন শতাধিক মরা-আধমরা গাছ রয়েছে।

এলাকাবাসী জানান, গত মাসের শেষ সপ্তাহে পীরগঞ্জ-নসিবগঞ্জ সড়কের জয়কুড় গ্রামে রাস্তার পাশের শতবর্ষী গাছের একটি ডাল ভেঙে পড়ে। এতে এক ব্যক্তি আহত হয়।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলা সদর থেকে হাজিপুর ও সেনগাঁও ইউনিয়নের লোকজনকে পীরগঞ্জ-নসিবগঞ্জ সড়কের ওই গাছের নিচ দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়।

গোদাগাড়ী গ্রামের ফরজন আলী বলেন, ‘ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে। গাছটি কেটে ফেললে কী হয়।’

পীরগঞ্জ পৌরসভার মেয়র রাজিউর রহমান বলেন, পূর্ণিমা সিনেমা হলের পাশের আমগাছটি কেটে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করা হবে। বিপজ্জনক গাছ থাকলে তা দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’