মরা গাছগুলোই মরণফাঁদ

কিশোরগঞ্জের কয়েকটি সড়ক ও মহাসড়কের পাশে লাগানো হাজার হাজার গাছ শিকড়পচা রোগসহ নানা কারণে মারা যাচ্ছে। একটু ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ায় গাছগুলো ভেঙে ও উপড়ে পড়ছে। কর্তৃপক্ষ মরা গাছগুলো সরিয়ে নিচ্ছে না। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন বিভাগের কিশোরগঞ্জ রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মোমেন ভূঁইয়া বলেন, মহাসড়কের পাশে কিছু শিশুগাছ মারা গেছে। গাছগুলো শিকড়পচা রোগে মারা যাচ্ছে। মরা গাছগুলো চিহ্নিত করে অচিরেই বিভাগীয় কর্মকর্তার কাছে হিসাব পাঠানো হবে। তারপর নিয়মমাফিক নিলাম অনুযায়ী গাছ অপসারণ করা হবে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১-৯২ সালে কিশোরগঞ্জ-নিকলী ও পাকুন্দিয়া-হোসেনপুর আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে বাবলা, আকাশি, শিশু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের চারা রোপণ করে বন বিভাগ। এক বছর ধরে বিভিন্ন স্থানের গাছ মরে যাচ্ছে। এর মধ্যে বেশির ভাগই শিশুগাছ। এ ছাড়া কিছু আকাশি গাছও মারা যাচ্ছে। এ পর্যন্ত শিকড়পচা রোগসহ নানা কারণে এসব এলাকার সাড়ে তিন হাজার গাছ মারা গেছে।
সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জ-নিকলী সড়কের আমতলী এলাকায় প্রায় দেড় কিলোমিটার ও পাকুন্দিয়া-হোসেনপুর মহাসড়কের মানুল্লারচর এলাকায় প্রায় এক কিলোমিটার এবং ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশের শত শত মরা গাছ দাঁড়িয়ে আছে। এগুলোর কোনোটিতে ঘুণে ধরেছে, আর কোনোটিতে বাসা বেঁধেছে কাঠ পোকা। একটু ঝড়বৃষ্টি বা দমকা বাতাসেই গাছগুলো ভেঙে বা উপড়ে পড়ছে। এতে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা এসব গাছের নিচ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
কিশোরগঞ্জ সদরের দানাপাঠুলী এলাকার নুরুল হক বলেন, আমতলী এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তার পাশে কয়েক শ মরা গাছ আছে। গাছগুলোর নিচ দিয়ে চলাচল করার সময় ভয় লাগে। কারণে ওই সময় মনে হয়, এই বুঝি এগুলো মাথায় ভেঙে পড়ল।
সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্য কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল এলাকার রেহেনা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে লাগানো গাছগুলো মারা গেলেও আইনি জটিলতার কারণে সেগুলো অপসারণ করা যায়নি।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কসহ জেলার অন্যান্য সড়কের মরা গাছগুলো চিহ্নিত করে দাগ দেওয়া হচ্ছে। খুব দ্রুত এগুলো সঠিক প্রক্রিয়া অনুসরণ করে অপসারণের উদ্যোগ নেওয়া হবে।