মরা দাবি করে তাজা গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরা গাছের নামে পাবনা পৌর এলাকার শালগাড়িয়া ইউনিট থেকে সেগুন, কড়ই ও ইউক্যালিপ্টাসের ৩৬টি তাজা গাছ বিক্রির অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। গত বুধবার থেকে ঠিকাদার গাছগুলো কাটতে শুরু করেছেন। ইতিমধ্যে দুটি সেগুনগাছ কাটা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চে বন বিভাগ কিছু মরা গাছের সঙ্গে তাজা ইউক্যালিপ্টাস, কড়ই ও সেগুনগাছ যুক্ত করে বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। ২৮ মার্চ স্থানীয় ঠিকাদার মো. লিটন হোসেন ৩৬টি গাছ এক লাখ ৯১ হাজার টাকায় ক্রয় করেন। কিন্তু প্রায় পাঁচ মাস পর গত বুধবার থেকে তিনি গাছগুলো কাটতে শুরু করেন।এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ যখন গাছগুলো বিক্রির দরপত্র আহ্বান করে, তখন একটিও মরা ছিল না। এখন পাঁচ-সাতটি গাছ মরা দেখা যাচ্ছে। এর বাইরে সব গাছই তাজা। গত ১০ বছরে বন বিভাগের কর্মকর্তারা একইভাবে মরা গাছ কাটার নামে বন বিভাগের এই ইউনিটের প্রায় শতাধিক তাজা ইউক্যালিপ্টাস, কড়াই ও সেগুনগাছ বিক্রি করেছেন।উত্তর শালগাড়িয়া মহল্লার মানিক তালুকদার বলেন, বুধবার ও বৃহস্পতিবার যে দুটি সেগুনগাছ কাটা হয়েছে, এর একটিও মরা ছিল না। ঝড়ে গাছের দু-একটি ডাল ভাঙলেই বন বিভাগের কর্মকর্তারা সেগুলো মরা বলে বিক্রি করে দেন। এগুলো কেটে ফেলায় তাঁরা খুবই মর্মাহত। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার বলেন, চারটি লটে যে ৩৬টি গাছ বিক্রি করা হয়েছে, এর একটিও তাজা নয়। গাছগুলো মরা হওয়ায় দরপত্রের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে।