মরা পদ্মায় বাঁধ দিয়ে মাছ চাষ
রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নে মরা পদ্মার ১৫ কিলোমিটারে অবৈধভাবে ১৪টি বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মাছ চাষ করছেন। এতে নৌচলাচল বন্ধ ও প্রাকৃতিক মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে। একই কারণে প্রকৃত জেলেরা নদী থেকে মাছ ধরতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাঁধের মালিকদের দাবি, তাঁরা ইজারা নিয়ে মাছ চাষ করছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মরা পদ্মা নদী (উজানচর বদ্ধ জলমহাল) দৌলতদিয়া ডাকবাংলো থেকে উজানচর গাজীডাঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার এবং বিহারিমারা কোল থেকে মঙ্গলপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সরকারি নীতিমালা অনুযায়ী, খাস জলমহালগুলো প্রকৃত মৎস্যজীবীদের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার এবং এগুলোর মৎস্যসম্পদ সংরক্ষণ করার কথা। কিন্তু এ নিয়ম না মেনে ২০০৬ সাল (বাংলা ১৪১২ সন) থেকে চার বছরের জন্য দক্ষিণ উজানচর মৎস্যজীবী সমবায় সমিতি নদীতে ১৩-১৪টি বাঁধ দিয়ে সাব-লিজ দিয়েছে। অথচ সরকারি খাতে একটি টাকাও জমা পড়েনি।দক্ষিণ উজানচর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সিদ্দিক সরদার ও সম্পাদক লোকমান হোসেন দাবি করেন, তাঁরা বাংলা ১৪১২ সনে ভূমি মন্ত্রণালয় থেকে চার বছরের জন্য ওই জলমহাল ইজারা নিন। কিন্তু তখন এটি রাজবাড়ীর অপর একটি সমিতির দখলে ছিল। দখল বুঝে পেতে তাঁরা উচ্চ আদালতে মামলা করেন। পরে উচ্চ আদালতের রায় নিয়ে তিন-চার বছর ধরে তাঁরা জলমহালটি নিয়ন্ত্রণ করছেন। যদিও তাঁরা এ-সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।সরেজমিনে মাখনরায় পাড়ায় গিয়ে দেখা যায় বিশালাকারের কয়েকটি বাঁধ। একটি বাঁধের প্রকল্প সভাপতি আলেপ মোল্যা বলেন, নদীজুড়ে বাঁশ দিয়ে তৈরি ১৩-১৪টি বাঁধ রয়েছে। দক্ষিণ উজানচর মৎস্যজীবী সমবায় সমিতি থেকে বাঁধ ইজারা নিয়েছেন। এ রকম প্রতিটি বাঁধের ভেতরে মাছ চাষের জন্য ১৫-৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে।গত বছর ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় বলা হয়, বাংলা ১৪১৬ সন থেকে জলমহালটি ইজারা না দেওয়ায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এটি সরকারের দখলে এনে রাজস্ব আদায়ের জন্য জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি জেলেদের দিয়ে মাছ ধরার পর দৈনিক ন্যূনতম দুই হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করে।জলমহাল খাস আদায় কমিটির সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান জানান, জেলা প্রশাসকের নির্দেশে খাস আদায়-সংক্রান্ত কমিটি করা হলেও খাস আদায় শুরু হয়নি। এ ছাড়া নদীতে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা প্রাকৃতিক মাছের বংশবিস্তার রোধ করা আইনত দণ্ডনীয় অপরাধ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন জানান, জলমহালের ব্যাপারে উচ্চ আদালতের আদৌ রায় হয়েছে কি না, জানা নেই। তিনি জেলা প্রশাসককে বিষয়টি আইন অনুযায়ী সমাধানের অনুরোধ করেছেন।