মরা পোনা ছাড়ার কথা স্বীকার ঠিকাদারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করা পোনা মাছের মধ্যে মরা পোনা ছিল। ওজনেও ছিল কম। পোনা অবমুক্ত করার কাজে নিয়োজিত ঠিকাদার এসব কথা স্বীকার করে বলেছেন, এটা ঠিক হয়নি। তিনি আরও ৪১০ কেজি রুইজাতীয় পোনা কিনে সেগুলো নদে অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।ব্রহ্মপুত্র নদে মরা পোনা ও ওজনে কম পোনা ছাড়ার ঘটনার তদন্তে নিয়োজিত কর্মকর্তার কাছে ঠিকাদার মো. নাছির উদ্দিন গতকাল বুধবার এ প্রতিশ্রুতি দেন।নদীতে মরা পোনা অবমুক্ত করার বিষয়ে গতকাল বুধবার প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। অধিদপ্তরের উপপরিচালক পরিমল চন্দ্র দাস এক ফ্যাক্স বার্তায় কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাকে ঘটনার তদন্ত করে বিকেলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।জেলা মৎস্য কর্মকর্তা গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঘটনাস্থলে থেকে তদন্ত করেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, জেলে প্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি ও স্থানীয় লোকজনের বক্তব্য রেকর্ড করেন। তদন্তে তিনি মরা পোনা, ওজনে কম দেওয়া ও নিষিদ্ধ সিলভার কার্প অবমুক্তির সত্যতা পান।তদন্ত শেষে জেলা মৎস্য কর্মকর্তা সিরাজুর রহমান সাংবাদিকদের বলেন, তদন্তে পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। পুরো বিষয়টির জন্য দায়ী ঠিকাদার। তবে ঠিকাদার বাকি পোনা কিনে দিতে রাজি হয়েছেন। এবার একটি মরা পোনাও গ্রহণ করা হবে না। তিনি আরও বলেন, ঠিকাদার তাঁর কাজে স্বচ্ছতার পরিচয় দেননি। এ কারণে পরবর্তী সময়ে তাঁকে আর এই কাজের ঠিকাদার নিয়োগ করা হবে না।জানতে চাইলে ঠিকাদার নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আর কোনো কথা নাই, আমি ৪১০ কেজি পোনা নিজে কিনে দেব।’জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মরা পোনা না ফেলতে বারবার বারণ করা হয়েছিল। কিন্তু ঠিকাদার শোনেননি। এসব আর চলবে না। এখন থেকে একটা একটা করে পোনা বুঝে নিয়ে পানিতে ছাড়া হবে।’নদ-নদীতে মাছের উৎপাদন বাড়ানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে ভৈরবে গত মঙ্গলবার পোনা অবমুক্ত করা হয়। পুরাতন ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর সেতু-সংলগ্ন এলাকায় ৫৫০ কেজির মতো পোনা অবমুক্ত করার কথা ছিল। কিন্তু অবমুক্ত করা হয় মাত্র ১৬০ কেজি এবং এর অর্ধেকই ছিল মরা।