মরা ভোলা নদীতে সারবোঝাই কার্গো উদ্ধারে তৎপরতা নেই
বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা ভোলা নদীতে গত মঙ্গলবার সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি উদ্ধারে কোনো তৎপরতা শুরুর খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। পরিবেশগত ক্ষতির আশঙ্কায় মামলা করা হয়েছে শরণখোলা থানায়।
রাসায়নিক সারবোঝাই এই কার্গো ডুবে যাওয়ায় ওই এলাকার নদীতে পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়েছে।
গত ডিসেম্বরের শুরুর দিকে পূর্ব সুন্দরবনের জয়মণির ঘোল এলাকায় শেলা নদীতে তেলবাহী একটি কার্গো জাহাজ (ট্যাংকার) ডুবে যায়। ট্যাংকারে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার জ্বালানি তেল ছিল। ওই ঘটনায় আশপাশের এলাকায় সুন্দরবনের পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
মেসার্স আল এহসান শিপিং লাইনসের ‘জাবালে নূর’ কার্গোর চালক হাফিজুর রহমান গত মঙ্গলবার রাতে শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে উল্লেখ করা হয়, ১ মে মংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে ৬৭০ মেট্রিক টন এমপিও সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার পথে মরা ভোলা নদীতে ডুবোচরে আটকে যায়। এরপর ৪ মে কার্গোটির তলাতে ফাটল দেখা দেয় এবং পরদিন মঙ্গলবার বিকেলে ডুবে যায়।
গতকাল সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সুন্দরবন বিভাগের বন সংরক্ষক সুনীল কুমার কুণ্ডু, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হুসাইন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক জয়নুল আবেদীন গতকাল সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুনীল কুমার বলেন, এ ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমির হুসাইন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন আহমেদ জানান, কার্গোডুবির এ ঘটনায় বনের পরিবেশের কোটি টাকার ক্ষতি হয়েছে, এই মর্মে তিনি বাদী হয়ে জাবালে নূর কার্গোর মালিক আমিনুল ইসলাম, মাস্টার আবদুল মতিন ও ইঞ্জিন চালক মাসুম বিল্লালকে আসামি করে শরণখোলা থানায় মামলা করেছেন। তিনি আরও বলেন, বনকর্মীরা কার্গোটি থেকে বেশ কিছু পরিমাণ সার অপসারণ করেছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রধান করে গতকাল পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ দত্ত বলেন, ‘এমওপি একটি রাসায়নিক সার। এই সার পানিতে সহজে দ্রবীভূত হয়। প্রচুর পরিমাণে এই সার একটি ছোট এলাকায় দ্রবীভূত হয়ে জলজ প্রাণ ও সম্পদের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।’ তিনি আরও বলেন, ‘সুন্দরবন স্পর্শকাতর এলাকা। তাই বিষয়টি মাথায় রেখে নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
তবে কৃষি সম্প্রসারণ বিভাগের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক জয়নুল আবেদীন বলেন, ‘এই সার কৃষি ও মৎস্য চাষের কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ফলে এই সার জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে না।’