মরা মুরগি ও পচা ডিম রাখার দায়ে তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরা মুরগি, সাত হাজার পচা ডিমসহ টাঙ্গাইলের মধুপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও জরিমানা করেন।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) ৩ নম্বর কোম্পানির সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের স্বদেশ পোলট্রি ফার্ম লিমিটেডে অভিযান চালানো হয়। সেখান থেকে সাত হাজার পচা গন্ধযুক্ত ডিম ও ২০টি মরা মুরগি উদ্ধার করা হয়। এ সময় জুয়েল, আবদুল মান্নান ও আরাফাত শাওনকে (২১) আটক করা হয়। এসব ডিম তাঁরা বিভিন্ন বেকারিতে সরবরাহ করে থাকেন বলে র‌্যাবকে জানিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভাস্কর দেবনাথ তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।