মরা মুরগি দেদার বিক্রি
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার মরা মুরগি বিক্রির অভিযোগে নারীসহ দুজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৪০) ও আসমা বেগম (৩০)।
র্যাব সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও রেলস্টেশনে মুরগির আড়তের পাশে দেলোয়ার হোসেনের ভাড়া ঘরে অভিযান চালান। অভিযানে র্যাব-২-এর একটি দল অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত ঘরটির খাটের নিচে স্তূপ করে রাখা ১২০টি মরা মুরগি উদ্ধার করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার ও তাঁর সহযোগী আসমা বেগমকে গ্রেপ্তার করেন। মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেন।
আনোয়ার পাশা বলেন, সাজা ঘোষণার পর দেলোয়ার ও আসমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন, দূর-দূরান্ত থেকে প্রায় প্রতিদিন ট্রাকে করে আসা মুরগি বিভিন্ন কারণে মারা যায়। এই মুরগি তাঁরা প্রতিটি ৫০ টাকা করে কিনে নেন মাছের খামারে দেওয়ার কথা বলে। এরপর এই মুরগি গরিব মানুষের কাছে জ্যান্ত বলে বিক্রি করেন।
আনোয়ার পাশা বলেন, মরা মুরগি বিক্রির সাত সদস্যের একটি চক্র আছে। এরা বিভিন্ন রেস্তোরাঁয়ও এই মরা মুরগি বিক্রি করে। দণ্ডপ্রাপ্তরা জানান, প্রতিদিন তাঁরা এক লাখ টাকার মতো মরা মুরগি বিক্রি বিক্রি করেন এবং চক্রের সদস্যরা সমানুপাতে ভাগ করে নেন।
২০১২ সালের ৯ এপ্রিল মরা মুরগি বিক্রির অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত দেলোয়ারকে দুই বছর কারাদণ্ড দেন। এর নয় দিন পর ওই স্থানে মরা মুরগি বিক্রি করার অভিযোগে দেলু, রেশমা, গোলাম হোসেন ও শাহ আলমকে কারাদণ্ড দেন। বছর খানেক আগে দেলোয়ার জামিনে বেরিয়ে আবার মরা মুরগির ব্যবসায় জড়িয়ে পড়েন।