মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মরা মুরগি বিক্রি করার দায়ে লাল মিয়া নামের এক ব্যবসায়ীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, উপজেলার তুষভান্ডার বাজারের মুরগি ব্যবসায়ী লাল মিয়া মরা মুরগি গরম পানিতে চুবিয়ে কেটে কেটে বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলুল জাহিদ সেখানে অভিযান চালান। সরেজমিনে তিনি অভিযোগের সত্যতা পান। এরপর তিনি লাল মিয়াকে পাঁচ দিনের কারাদণ্ড দেন। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে। লাল মিয়ার বাড়ি উপজেলার কাকিনা ইউনিয়নের বাণীনগর গ্রামে। ফজলুল জাহিদ বলেন, লাল মিয়া মরা মুরগি গরম পানিতে চুবিয়ে তরতাজা দেখিয়ে বিক্রি করছিলেন। এ অপরাধের জন্য তাঁকে ওই দণ্ড দেওয়া হয়েছে।