মরিচ ও হলুদের গুঁড়ার ঝাঁজে অতিষ্ঠ পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে অবাধে মরিচ ও হলুদ গুঁড়া করায় পরিবেশ দূষিত হচ্ছে। বাতাসের সঙ্গে এসব গুঁড়া মিশে যাওয়ায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। শহরে মরিচ ও হলুদ গুঁড়া করার মেশিন (কল) বন্ধের দাবিতে ভুক্তভোগী দেড় শতাধিক পরিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়রের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি।
এলাকার অনেকে জানান, পৌরসভা থেকে ট্রেড লাইন্সেস (ব্যবসায়ের অনুমতি) নিয়ে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় প্রধান সড়কের দুই পাশে ছয়টি ও সাহাপাড়া সড়কে দুটি ধান-চাল ভাঙানোর কলে ১৪-১৫ বছর ধরে মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। আবাসিক এলাকায় মরিচ গুঁড়া করায় বাতাসে তা আশপাশে ছড়াচ্ছে। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। গত মে মাসে পৌর এলাকার দেড় শতাধিক পরিবার নিরুপায় হয়ে এসব কল বন্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ দেয়। কিন্তু তারা প্রতিকার পায়নি।
সরেজমিনে এলাকাবাসীর অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জ দক্ষিণ বাজারে কিরণ সাহা, রবিউল চৌধুরী, আবদুল কুদ্দুস, সুভাষ চন্দ্র সাহা, ছানোয়ার রহমান ও ইসমাইল হোসেন ১৪-১৫ বছর ধরে এবং সাহাপাড়া এলাকায় সুদেব সাহা, দুলাল মিয়া প্রায় ছয় বছর ধরে চাল ভাঙানোর কলের মাধ্যমে অবাধে মরিচ ও হলুদ গুঁড়া করছেন।
গৃহিণী লুবনা ইয়াসমিন বলেন, ‘মরিচের গুঁড়ার ঝাঁজে রাতে আমরা ঘুমাতে পারি না। বাচ্চাদের দারুণ অসুবিধা হয়।’ নালিতাবাড়ী শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক কিরণ দত্ত জানান, মরিচের গুঁড়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
কলমালিক রবিউল ইসলাম বলেন, ‘পৌরসভার অনুমতিক্রমেই মরিচ ও হলুদ গুঁড়া করছি। সবাই বন্ধ করলে আমিও বন্ধ করব।’ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুলতান মাহমুদ জানান, ব্যবসায়ীরা কোনো নিয়ম মানছেন না। নিষেধ থাকার পরও দিনের বেলায় মরিচ গুঁড়া করা হয়। এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে।
মেয়র আনোয়ার হোসেন জানান, আবাসিক এলাকায় মরিচ গুঁড়া করার জন্য পৌরসভা কোনো লাইসেন্স দেয়নি। দোকানের ফটক বন্ধ করে রাতে মরিচ গুঁড়া করার কথা বলা হলেও অনেকে এ নিয়ম মানছেন না। উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে কলমালিকদের ডেকে দিনে এবং উন্মুক্ত অবস্থায় মরিচ গুঁড়া করতে নিষেধ করা হয়েছে। এর পরও যদি কেউ নিয়ম অমান্য করেন সরেজমিন পরিদর্শন করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।