মরিচখেতে কাটই পোকার আক্রমণ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মরিচ খেতে কাটই (স্থানীয় নাম খিরাই পোকা) পোকার আক্রমণ শুরু হয়েছে। প্রতি রাতে মরিচের গাছের গোড়া কেটে দেওয়ায় গাছ মরে যাচ্ছে।কাজিপুর উপজেলা কৃষি অফিস ও চাষি সূত্রে জানা গেছে, এবার উপজেলার চরাঞ্চলের ১২টি ইউনিয়নে আড়াই হাজার হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। মরিচগাছের বয়স দুই থেকে আড়াই মাস হওয়ায় ফুল ফুটতে শুরু করেছে। এ বছর আকস্মিকভাবে রেহাই শুরেবির, সূতানাড়া, মল্লিকপাড়া, দাদবেড়া, খিরাইকান্দি, ফুলঝোড়, বিরশুভগাছা, মনসুরনগরসহ প্রায় ২৫টি গ্রামের জমিতে কাটই পোকার আক্রমণ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে এই পোকা গাছের গোড়া কেটে ফেলছে। ফলে মাঠের পর মাঠ মরিচগাছ মরে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না।নাটুয়াপাড়া ইউনিয়নের রেহাই শুরেবির গ্রামের আবদুল মোমিন জানান, তিন বিঘা জমিতে এবার মরিচের আবাদ করেছেন। প্রতি বিঘায় আট থেকে নয় হাজার টাকা খরচ হয়েছে। এক সপ্তাহ আগে সকালে দেখেন, জমির অর্ধেক মরিচগাছ হেলে শুকিয়ে পড়ে রয়েছে। একটি জমিতে নিজের মতে কীটনাশক দেওয়ার পরও কাজ হয়নি। পরে কৃষি কর্মকর্তাদের উপদেশমতো রাতে ওষুধ প্রয়োগ করায় এক বিঘা জমির মরিচগাছ বাঁচাতে পেরেছেন।খিরাইকান্দি গ্রামের নূরুল ইসলাম জানান, তাঁর ছয় বিঘা জমির মধ্যে চার বিঘার মরিচ পোকায় কেটে ফেলেছে। এভাবে কয়েক শ কৃষকের মরিচের ক্ষতি হয়েছে।কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষচন্দ্র চন্দ বলেন, ‘চরাঞ্চলে প্রথম দিকে কাটই পোকার আক্রমণে ক্ষতি হয়েছিল। পরে আমাদের পরামর্শে প্রতি বিঘায় এক কেজি ভুট্টার গুঁড়ার সঙ্গে এক কেজি নালিগুড় এবং ক্যারাটে অথবা ডাসবার্ন কীটনাশক মিশিয়ে রাতে জমিতে ছিটিয়ে সুফল পাওয়া গেছে। রাতে পোকাগুলো এই খাবার খাওয়ায় মরে গেছে। ফলে খুব একটা ক্ষতি হয়নি।’