মরিচে চাল ও ইটের গুঁড়া হলুদে ঘাসের বীজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় হলুদ, মরিচসহ বিভিন্ন মসলা ও ইফতারির উপকরণ তৈরির প্রধান উপাদান ব্যাসনে ভেজাল দেওয়া হচ্ছে। ভোলায় এ রকম মসলা তৈরির অসংখ্য কারখানা গড়ে উঠেছে। এসব মসলা ও ব্যাসন খেলে মানুষের ভয়াবহ শারীরিক সমস্যা হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ভোলা সদরসহ সাত উপজেলায় মসলা তৈরির দুই সহস্রাধিক কারখানা আছে। এর মধ্যে অধিকাংশ কারখানায় হলুদ, মরিচ ও ব্যাসনে ভেজাল দেওয়া হচ্ছে। একটি কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, ঘাসের বীজ, ডাল ও কাউন চাল দিয়ে হলুদ ভেজাল করা হচ্ছে। এর রং পাকা করার জন্য কাঠ বার্নিশ করার কাজে ব্যবহূত হলুদ রং ব্যবহার করা হয়। ডাল, ঘাসের বীজ ও কাউন চাল ভাঙলে তা হলুদের গুঁড়ার মতো দেখায়। নিম্নমানের ময়দা, নষ্ট ডালের গুঁড়া ও রং দিয়ে ভেজাল ব্যাসন তৈরি করা হচ্ছে। আর নষ্ট মরিচ, মরিচ রং, ইটের গুঁড়া ও আতপ চালের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া ভেজাল করা হচ্ছে। হলুদ ও মরিচ রং ভোলা শহরের বাইন্যার দোকানগুলোতে বিক্রি করা হয়। ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফরিদ আহম্মেদ বলেন, হলুদ ও মরিচে যে রং ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা দিয়ে তৈরি খাবার খেলে দীর্ঘমেয়াদে কিডনি ও যকৃতে জটিলতা দেখা দিতে পারে। এসব ভেজাল মসলা খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ারও ঝুঁকি থাকে। সরেজমিনে দেখা গেছে, ভোলা শহর ও আশপাশে মহাজন পট্টির মোস্তফা মিজি, হাওলাদার রাইস, সোয়েব, আব্দুল্যাহ, মুন্সির কারখানা, মাছ বাজারের পাল, কাজী, ইলিশা রোডে লিটন, শ্যামল, ধনিয়ায় বাছেত, বাসস্ট্যান্ডে শাহাবুদ্দিন সুমনের কারখানাসহ একাধিক কারখানায় ভেজাল মসলা তৈরি করা হচ্ছে। ইলিশা বাসস্ট্যান্ডে শ্যামলের কারখানায় গিয়ে দেখা যায়, নোংরা পরিবেশে হলুদ, মরিচ, খৈল, ধান ও গম ভাঙানো হচ্ছে। কারখানার এক পাশে সার, কীটনাশক, খৈল বিক্রি করা হচ্ছে। একসঙ্গে ভাঙার কারণে আটার মধ্যে হলুদ, হলুদের মধ্য পচা খৈল মিশছে। হাওলাদার রাইস মিল নামের একটি কারখানার মালিক সোহেল হাওলাদার বলেন, ‘কিছু ব্যবসায়ী আমার নামে বদনাম ছড়াচ্ছে। কিন্তু আমি কোনো মসলায় ভেজাল দিই না।’ ভোলা শহরের মুদি দোকানি নাজমুল আহসান জামালসহ কয়েকজন বলেন, বাজারে এক কেজি আস্ত হলুদ ১৬০-১৯০ টাকায় বিক্রি হয়। কিন্তু ক্রেতারা গুঁড়া হলুদই কিনতে চায় ১২০-১৪০ টাকায়। তাই কারখানার মালিকদের সহায়তায় অসাধু ব্যবসায়ীরা ভেজাল মসলা বিক্রির সুযোগ পাচ্ছেন। ভোলা মুদি ব্যবসায়ী সমিতি ও মিল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম শাজাহান বলেন, ভেজাল হলুদ, মরিচ ভাঙা ও বিক্রি বন্ধে সমিতি প্রতিনিয়ত দোকান এবং কারখানার মালিকদের নোটিশ দিচ্ছে। এখন ক্রেতাদের সচেতন হওয়া জরুরি। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, শুধু রোজায় নয়, সারা বছরই ভেজাল মসলা, খোলা মসলা ভোলার গ্রামেগঞ্জে বিক্রি হচ্ছে। কারখানাগুলোতে মসলার সঙ্গে ইটের গুঁড়া ও বিষাক্ত রাসায়নিক মেশানো হচ্ছে। এসব বন্ধে জেলা আইনশৃঙ্খলা সভায় ভ্রাম্যমাণ আদালত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘ভেজাল বন্ধে রোজার শুরু থেকে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। তথ্য পেলে আরও অভিযান চালাব।’