মরিচের দাম ‘আকাশছোঁয়া’ তবু চাষির মন খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ এবং পাবনার বেড়া ও সাঁথিয়ায় মরিচের দাম ‘আকাশছোঁয়া’ হলেও চাষিদের মন খারাপ। কারণ বিভিন্ন রোগের প্রকোপে মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে।শিবগঞ্জ উপজেলায় দুই সপ্তাহের ব্যবধানে মাকড় ও পচারির (ব্লাইট) প্রকোপে নষ্ট হয়ে যাচ্ছে মরিচগাছ। চাষিরা জানান, খেতের গাছগুলোতে কালো রঙের দাগ হয়ে গাছের গোড়া পচে গাছ মরে যাচ্ছে। আবার কোনো কোনো গাছে মাকড়ের আক্রমণে গাছগুলোর পাতা কুঁকড়ে যাচ্ছে। এতে আক্রান্ত খেতগুলোতে মরিচের উৎপাদন বলতে গেলে হচ্ছেই না। চাষিরা আরও জানান, রমজান মাস সামনে রেখে এ উপজেলার অনেক চাষি মরিচের চাষ করেছিলেন। কিন্তু প্রথমে একটানা গরম। এখন মাঝেমধ্যে বৃষ্টি আবার গুমোট আবহাওয়া। আর তাতেই ক্ষতি হয়েছে মরিচের।গতকাল শুক্রবার উপজেলা সদরের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কাঁচা মরিচের বাজারদর সকালে এক দাম তো বিকেলে আরেক দাম। গত এক সপ্তাহে ৬০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। অথচ ১০ দিন আগেও প্রতি কেজি মরিচ ছয় টাকা কেজি দরে বিক্রি হয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২০০ হেক্টর জমিতে মরিচ চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ হেক্টর খেত মাকড় ও পচারির কারণে বিনষ্ট হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, আবহাওয়া ঠিক হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না। এদিকে বেড়া ও সাঁথিয়ায় তিন সপ্তাহ আগেও কাঁচা মরিচ পাঁচ থেকে আট টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এমন দামে মরিচ চাষিদের লোকসান হয়েছে। গত বৃহস্পতিবার সাঁথিয়ার কাশীনাথপুর হাটসহ আরও কয়েকটি হাটবাজারে কৃষকেরা কাঁচা মরিচ বিক্রি করেছেন ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে। তিন সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ২৫ গুণ বেশি দামে মরিচ বিক্রি করেও চাষিরা বেজাড়। কারণ এই তিন সপ্তাহের মধ্যে তাঁদের মরিচখেতগুলো হয়ে পড়েছে অনেকটাই মরিচশূন্য। পাতা কোঁকড়ানো রোগসহ প্রতিকূল আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে সাঁথিয়ার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বেশির ভাগ খেতে মরিচগাছের পাতা কুঁকড়ে গেছে। কোনো কোনো গাছ নিস্তেজ হয়ে মরে যেতে শুরু করেছে। গাছগুলোতে মরিচ নেই বললেই চলে। সাঁথিয়ার কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘উপজেলার ৬০ থেকে ৭০ ভাগ মরিচের খেত ভাইরাসজনিত পাতা কোঁকড়ানো রোগে আক্রান্ত হয়েছে। এ কারণে মরিচের ফলন বেশ কমে গেছে। এ ব্যাপারে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। তার পরও স্বাভাবিক ফলন ব্যাহত হচ্ছে।’