দুই সপ্তাহও হয়নি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মরিশাসে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামের মো. সাইদুর রহমান (১৯)। গত সোমবারও মা-ছেলের কথা হয়েছে ফোনে। সাইদুর বলেছিলেন, ‘ভালো আছি মা। আমার জন্য দোয়া কোরো। কাজও ভালো পেয়েছি। তোমাদের সব ঋণ শোধ করতে পারব।’ বুধবার বিকেলে বাড়িতে খবর আসে যে সেখানে এক সড়ক দুর্ঘটনায় সাইদুরের মৃত্যু হয়েছে।মরিশাসে বুধবার সকালে মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে সাইদুরসহ ১১ জন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। আখাউড়া উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, আজ শুক্রবার নিহত ব্যক্তিদের লাশ ঢাকায় পৌঁছাবে। পরিবারের লোকজনকে লাশ গ্রহণ করতে বলা হয়েছে।গতকাল দুপুরে সাইদুরের বাড়ি গিয়ে দেখা গেছে, তাঁর মা মাহমুদা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। আত্মীয় ও প্রতিবেশীদের শত সান্ত্বনা তাঁকে শান্ত রাখতে পারছে না। তিনি বিলাপ করে বলছিলেন, ‘আমার ছেলে টাহা আনতে গেছে। অনেক টাহা পাঠাইব। আমার টাহা-পয়সার দরকার নাই। তোমরা আমার বাবারে ফিরে আইতে কও। আমি মরলে আমার বাবা যে আমার কবরে মাটি দিব। হেরে ফিরাইয়া আনো।’সাইদুরের বাবা মো. রাশেদ মিয়া (৪২) বলেন, তিন ভাই ও দুই বোনের মধ্যে সাইদুর মেজো। তাঁর বড় ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের হাল ধরতে গত ২৯ ডিসেম্বর ছেলে মরিশাসের উদ্দেশে রওনা দেন। তাঁকে ওই দেশে পাঠাতে তিনি ঋণ করেন প্রায় দুই লাখ টাকা। কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন সাইদুরের বাবা। তিনি বলেন, ‘এখন আমাদের কে দেখবে? এত ঋণ শোধ দেব কীভাবে?’একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিজয়নগর উপজেলার গোয়ালনগর গ্রামের তাহের মিয়ার ছেলে জয় হোসেন। প্রায় সাড়ে তিন মাস আগে স্ত্রী তাছলিমার কুলজুড়ে আসে এক ছেলেসন্তান। তিনিও ২৯ ডিসেম্বর পাড়ি জমান মরিশাসে।নিহত জয়ের বাবা তাহের মিয়া বলেন, ‘জয় আমার একমাত্র সন্তান। এখন জয়ের সংসারেও এক ছেলেসন্তান এসেছে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ছেলে আমার বিদেশ গেছে। এখন আমারে তার লাশ আনতে হবে।’জয়ের অসুস্থ স্ত্রীর জ্ঞান ছিল না। মা ফাতেমা বেগমের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই পাড়ার বাতাস।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পরিবারের লোকজনকে লাশ গ্রহণ করার জন্য বলা হয়েছে।