মরিয়ম মুর্মুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শিমলাদিঘী গ্রামসহ রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার প্রায় ৩০টি গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে মৌন মিছিল ও মানববন্ধনের মাধ্যমে মরিয়ম মুর্মুর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।নাচোল ও গোমস্তাপুর উপজেলার আদিবাসীদের সামাজিক সংগঠন পারগানা পরিষদ, দিঘরী পরিষদ ও বাইসি পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ আদিবাসী ছাত্রসমাজ ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন মরিয়ম মুর্মুর ছেলে উইলসন মারান্ডি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি কর্নেলিউস মুর্মু, আদিবাসী গবেষক বেঞ্জামিন টুডু, আদিবাসী ছাত্রনেতা প্রভাত টুডু প্রমুখ। উইলসন মারান্ডি বলেন, ‘আমার মতো আর কোনো অভাগা সন্তান যেন মায়ের এমন অস্বাভাবিক মৃত্যু না দেখে।’ গত ১১ জুলাই রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলাদিঘী গ্রামে মরিয়ম মুর্মুকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে।