মরিয়ম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও শোক র‌্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, মরিয়ম আক্তারের বাবা মো. নাছির উদ্দিন, মা মাসুদা বেগমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে শোক র‌্যালি বের করা হয়। এর আগে মরিয়মের হল বেগম খালেদা জিয়া হল থেকেও পৃথক শোক র‌্যালি বের করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘অনেক সংগ্রাম করে মেয়েটি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। পরিবারের সদস্যদের অনেক স্বপ্ন ছিল মরিয়মকে নিয়ে। কিন্তু কতগুলো খুনি তাঁদের এই স্বপ্ন ধ্বংস করে দিয়েছে।’ গণিত বিভাগের সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, মেধাবী শিক্ষার্থী মরিয়ম হত্যার ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবারকেও ব্যথিত করেছে। তিনি বলেন, ‘নারীর প্রতি এ ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’ মানববন্ধনে মরিয়মের মা মাসুদা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, তারে (মরিয়ম) মাইনষের সহযোগিতায় পড়াইছি। স্বামীর বাড়ির লোকেরা তারে প্রায়ই অত্যাচার করত। কিন্তু আমরা কষ্ট পামু বইল্যা আমাগোরে মাইয়ায় কইত না। আমরা মরিয়মের হত্যাকারীর বিচার চাই।’গত মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিয়া দিয়াবাড়ি এলাকায় স্বামী মো. সালাউদ্দিনের বাড়ি থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মরিয়ম আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মরিয়মের পরিবারের সদস্যরা একে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। ঘটনার পর থেকেই সালাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।