মরিয়মনগর ডিসি সড়কে ১১টি সেতু ঝুঁকিপূর্ণ!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়কে ১১টি সেতু ঝুঁকিপূর্ণ। সেতুগুলোতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ছয়-সাত বছর এ অবস্থা বিরাজ করলেও সেতুগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, সড়কের ধামাইরহাট থেকে মরিয়মনগর চৌমুহনী পর্যন্ত আট কিলোমিটারে ছোট-বড় ১৫টি সেতু রয়েছে। এর মধ্যে চারটি সেতু ভেঙে যাওয়ার পর পুনর্নির্মাণ করা হলেও ১১টি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্বনির্ভর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম জানান, ২০০১ সালে কুরমাইখাল সেতুটি ভেঙে যায়। সওজ বিভাগ ওই স্থানে অন্য একটি লোহার সেতু বসিয়ে দেয়। পাটাতন ও নাট-বল্টু খুলে সেতুটি এখন প্রায় জরাজীর্ণ। জানমোহামঞ্চদ পাড়ার সেতুটিও রেলিং ভেঙে হুমকির মুখে। দারুল উলুম মাদ্রাসা ফটক, নাপিতপুকুর পাড় সেতুটিও ঝুঁকিপূর্ণ। বাসচালক সমিতির সভাপতি শাহআলম বলেন, সেতুগুলো দিয়ে যাতায়াতের সময় মনে হয়, এই বুঝি বাস নিচে পড়ে গেল। সেতুগুলোর কারণে ধামাইরহাট থেকে চৌমুহনী যেতে সময় লাগে দুই ঘণ্টার বেশি। রাঙ্গুনিয়া যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আলী আহমদ জানান, ২০১২ সালের এপ্রিল মাসে কুরমাইখালে সেতুর পাটাতন ভেঙে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। জানমোহামঞ্চদ পাড়ার সেতু দিয়ে অটোরিকশা, জিপ ও মাইক্রোবাস খাদে গিয়ে পড়ে। গত বছর ঝুঁকিপূর্ণ সেতুগুলোতে ৪০-৪২টি দুর্ঘটনায় ১১ জন মারা গেছে। সওজ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্য সহকারী রাসেল দেওয়ান বলেন, সেতুগুলো দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে সাইনবোর্ড লাগানো হয়েছে। তবু অসাবধানতাবশত যানবাহন দুর্ঘটনায় পড়ছে। সওজ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সেতুগুলো নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু অর্থাভাবে অনুমোদন মিলছে না।