জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার (২৫) হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও পাঁচ আসামির কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের বড় সন্তানকে হারিয়ে মুষড়ে পড়েছেন মা, বাবা ও অন্য তিন ভাইবোন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।গতকাল শুক্রবার বিলাপ করতে করতে কথা বলছিলেন মরিয়মের মা মাসুদা বেগম। তিনি বললেন, ‘আমার মেয়েডারে যারা এইভাবে কষ্ট দিয়া মারছে, আমি হেগো ফাঁসি চাই। ওগো বাড়িতে কত মানুষ থাকে, তারা আমার মেয়েডারে বাঁচাইল না। মেয়েডা কয়েক দিন আগে বেড়াইতে আইসা কইছিল, “মাগো, আমাগো লাইগা অনেক কষ্ট করছ। তোমাগো আর অন্যের বাড়িতে কাম করা লাগব না। আর কষ্টও করন লাগব না।’”জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্রী মরিয়ম স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছিলেন। বাকি ছিল শুধু থিসিস প্রতিবেদন জমা দেওয়া।১২ মার্চ বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা দিয়াবাড়ি এলাকায় স্বামী মো. সালাউদ্দিন ওরফে বাদলের বাড়ি থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় তাঁর গলা, মুখ ও চোখে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর পুরো শরীরেই ছিল পুরোনো প্রচুর আঘাতের চিহ্ন।এ ঘটনায় মরিয়মের স্বামী কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের মানিকপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সালাউদ্দিন, শ্বশুর সিরাজ উদ্দিন, শাশুড়ি সূর্যবান, দেবর কাওছার ও আশরাফুলকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন মাসুদা বেগম।আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাতেন মিয়া প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন থেকেই সালাউদ্দিন ও তাঁর পরিবারের লোকজন পলাতক। তবে প্রযুক্তি ব্যবহার করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’সরেজমিন: গতকাল কালীগঞ্জের নাহিন্দী গ্রামে মরিয়মের বাবার বাড়ির একটু আগে একটি নতুন কবর দেখা যায়। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক জানান, এটি মরিয়মের কবর। কবর থেকে ১০০ গজ সামনে একটি মাটির ঘর। ওপরে টিনের ছাউনি ও সামনে বাঁশঝাড়ে ঘেরা মরিয়মদের বাড়ি।বাড়ির উঠানে বসে ছিলেন মরিয়মের দাদি রুপিয়া বেগম (৬৫)। মরিয়মের কথা জানতে চাইলেই তাঁর দুই চোখ ভিজে যায়। মরিয়মের মরদেহের একটি ছবি দেখিয়ে বলেন, ‘আপনেরা কত মানুষই তো আইতাছেন, আমার এই নাতিনডারে ফিরাইয়া আনতে পারেন না।’মরিয়মের ছোট ভাই ও রাজধানীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেন (২০) অভিযোগ করেন, তাঁর বোনের জামাই সালাউদ্দিন নিষিদ্ধঘোষিত জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। মরিয়ম ওই তথ্য জেনে ফেলায় তাঁকে খুন করা হয়।