মরিয়মের জীবনসংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণিকক্ষে পা দিয়ে লিখছে মরিয়ম আক্তার। ৩ জানুয়ারি তোলা ছবি l প্রথম আলো
শ্রেণিকক্ষে পা দিয়ে লিখছে মরিয়ম আক্তার। ৩ জানুয়ারি তোলা ছবি l প্রথম আলো

জন্ম থেকে দুটি হাত নেই। জন্মের পরপর মারা যান বাবা। মা পাড়ি জমান বিদেশে। নানা-নানির ঘরে ঠাঁই হয়। সেখানে অভাব ছিল প্রকট। অভাব ও দুটি হাত না থাকলেও পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। তাই হাল ছাড়েনি সে। পা দিয়ে লিখে ও খেয়ে না-খেয়ে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় পাস করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে সে।
শারীরিক প্রতিবন্ধিতাসহ সব বাধার সঙ্গে লড়াই করে এগিয়ে চলা ওই অদম্য মেয়েটির নাম মরিয়ম (১১)। বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামে। সে ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়।
মরিয়ম জানায়, জন্মের পর তারা বাবা মোক্তার হোসেন মারা যান। এরপর অভাবের সংসারে টিকে থাকতে না পেরে মা পাড়ি জমান জর্ডানে। পরে মা দেশে ফিরে এসে গাজীপুরে পোশাক কারখানায় কাজ নেন। সে কিছুদিন মায়ের সঙ্গে থেকে নানার বাড়ি চলে আসে। নানা কছর উদ্দিনের নিজের জমি নেই। অন্যের জমিতে কাজ করে যা উপার্জন করেন তাতে সংসার চলে না। তাই সপ্তাহের প্রতি শুক্রবার ও বন্ধের দিনে নানার সঙ্গে ময়মনসিংহ শহর ও ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের নানা জায়গায় ভিক্ষা করে সে।
ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা যায়, নভেম্বর মাসে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় মরিয়মের পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়ার বিষয়টি ফেসবুকে ও পরে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ আহমেদ চৌধুরী মরিয়মের পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নেন।

এ বিষয়ে ইউএনও রাশেদ আহমেদ চৌধুরী জানান, তিনি মরিয়মকে ভিক্ষা করতে নিষেধ করেছেন। এই উপজেলায় থাকা পর্যন্ত তার পড়ালেখার যাবতীয় খরচ দেবেন তিনি।

মরিয়মের নানা কছর উদ্দিন বলেন, ‘অভাবের কারণে আমি মরিয়মকে নিয়ে ভিক্ষা করেছি। এটা আমার ভুল হয়ে গেছে। যত কষ্টই হোক নাতিকে নিয়ে আর ভিক্ষা করব না।’

ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, ‘মরিয়ম এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। তার ভিক্ষাবৃত্তির খবরটি জানার পর আমরা তাকে এই পেশায় না থাকতে বলেছি। স্কুলের পক্ষ থেকে মরিয়মকে সব ধরনের সহযোগিতা করা হবে।’