মরিয়মের মায়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর বয়সী প্রতিবন্ধী শিশু বিবি মরিয়মকে সেবা দিচ্ছেন রাঙ্গুনিয়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক সুবীর দেবনাথ। পাশে মরিয়মের মা ছেনোয়রা বেগম। ছবিটি ২৯ অক্টোবর বেলা ১১টায় তোলা l সৌরভ দাশ
এক বছর বয়সী প্রতিবন্ধী শিশু বিবি মরিয়মকে সেবা দিচ্ছেন রাঙ্গুনিয়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক সুবীর দেবনাথ। পাশে মরিয়মের মা ছেনোয়রা বেগম। ছবিটি ২৯ অক্টোবর বেলা ১১টায় তোলা l সৌরভ দাশ

মায়ের কোলে এক বছর বয়সী বিবি মরিয়ম। বেশিক্ষণ সোজা থাকছে না ঘাড়। কয়েক সেকেন্ড পরপর এলিয়ে পড়ছে মায়ের কাঁধে। চোখে পড়ল পা’টাও বাঁকা। চোখেও রয়েছে সমস্যা। তারপরও মা ছেনোয়ারা বেগমের (৩০) মুখে হাসি! বললেন, ‘জন্মের পর তো মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। তবে আমার মেয়ে এখন অনেক সুস্থ। ঘাড় সোজা করার চেষ্টা করে। বসতেও চায়। মধ্যেমাঝে হাসে। এটাই তো বড় পাওয়া। এ সবকিছু সম্ভব হয়েছে ডাক্তারদের চেষ্টায়।’
মরিয়মকে পাঁচ মাস ধরে চিকিৎসা দেওয়া হচ্ছে রাঙ্গুনিয়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে। গত ২৯ অক্টোবর ওই কেন্দ্রে গেলে কথা হয় ছেনোয়ারা বেগমের সঙ্গে।
শুধু শিশু মরিয়ম নয়, সব প্রতিবন্ধী মানুষই সেবা পাচ্ছে এই কেন্দ্রে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনা মূল্যে সহায়ক উপকরণ বিতরণ, অটিজম–বিষয়ক সেবা, কাউন্সেলিং, থেরাপি (ফিজিও, অকুপেশনাল ও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ) ও চিকিৎসকের ব্যবস্থাপত্র দেওয়া হয়।

কেন্দ্রের অটিজম কর্নারে খেলছে বাচ্চারা  l প্রথম আলো
কেন্দ্রের অটিজম কর্নারে খেলছে বাচ্চারা l প্রথম আলো

কেন্দ্রের চিকিৎসক (কনসালট্যান্ট ফিজিওথেরাপি) সুবীর দেবনাথ বলেন, ‘ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। রোগী আর স্বজনদের মুখে হাসি দেখলে আমাদেরও ভালো লাগে।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার ভবানী গেটের মধ্যম নোয়াগাঁও ওয়ার্ডে এটি চালু হয় ২০১২ সালের ১ ফেব্রুয়ারি। চট্টগ্রাম জেলায় স্থাপিত দুটি কেন্দ্রের মধ্যে এটি একটি। অন্যটি নগরের হালিশহরে।
কিন্তু ভালো সেবা দেওয়া হলেও এই কেন্দ্র সম্পর্কে জানে না বেশির ভাগ মানুষ। নোয়াগাঁও ওয়ার্ডটি পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এটি উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে। তা ছাড়া কেন্দ্রটি যে ভবনে চালু হয়েছে, তার অবস্থান মূল সড়ক থেকে অনেক ভেতরে। সড়কের মুখে একটি পরিচিতি ফলক থাকলেও তা কারও চোখে পড়ে না। এ নিয়ে কোনো প্রচারও নেই। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা কম।
সম্প্রতি সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, সকালের দিকে কিছু রোগী থাকে। তাও ১০ থেকে ১৫ জন। কিন্তু দুপুর গড়াতে কেন্দ্র অনেকটাই ফাঁকা হয়ে যায়।
চিকিৎসা নিতে কেন্দ্রে প্রথম আসা পক্ষাঘাতগ্রস্ত আবদুল কাদের (৪৮) বলেন, ‘আমার বাড়ি পাশেই ইছাখালী। অথচ এখানে এ রকম সেবা দেওয়া হয়, তা জানতাম না। একটি এনজিওর কর্মী বলেছেন, এখানে প্রতিবন্ধীদের সেবা দেওয়া হয়। এখানে এসে ডাক্তারদের ব্যবহারে রোগ অর্ধেক ভালো হয়ে গেছে।’
রাঙ্গুনিয়ার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর উইমেন এম্পাওয়ারম্যান অ্যান্ড চাইল্ড রাইটস (অ্যাওয়াক)। এই সংস্থার জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা আবদুল আজিম বলেন, ‘এখন যে দু-একজন রোগী যাচ্ছে, তাও আমরা পাঠাচ্ছি। প্রতিষ্ঠানটি ভেতরে হওয়ায় অনেকে জানেন না।’
কেন্দ্রের হিসাব অনুযায়ী, চালুর পর থেকে ২০১৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত তিন বছর সাত মাসে সেবা নিয়েছে মাত্র ৪৫১ জন প্রতিবন্ধী। অবশ্য সাধারণ কিছু রোগীকেও সেবা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। এখানে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবা দেওয়া হয়।
প্রতিবন্ধী–বিষয়ক কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলা সদর থেকে দূরে ও প্রচার না থাকায় রোগী কম। এ রকম সেবা আছে জানলে আরও অনেকে আসত। তা ছাড়া এটি এখন ভাড়া বাসায় রয়েছে। বিষয়টি নিয়ে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) স্যারের সঙ্গে কথা বলেছি। তবে স্থানান্তরের জন্য একসঙ্গে আট কক্ষের বাসা পাওয়া যাচ্ছে না।’
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বলেন, ‘কেন্দ্রটি অবশ্যই সরানো হবে। এ জন্য আমরা চেষ্টা করছি। উপজেলা প্রশাসনিক ভবনের আশপাশে বাসা দেখা হচ্ছে। বর্তমানে যে স্থানে রয়েছে, সেখানে যোগাযোগব্যবস্থা ভালো নয়।’