মরিয়া আ.লীগ-যুবলীগের দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নকে ঘিরে আলোচনা চলছে। তফসিল ঘোষণার আগে থেকেই দলের দুজন নেতা নিজেদের মতো করে কেন্দ্রে তদবির করে আসছিলেন। শেষ মুহূর্তে কে মনোনয়ন পান, সেটা জানতে অপেক্ষা করছে পৌরবাসী।
স্থানীয় সাংসদ-সমর্থক সম্ভাব্য প্রার্থী হলেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন ওরফে সুমন। আর সাংসদবিরোধী হিসেবে পরিচিত হলেন গফরগাঁও পৌরসভার বর্তমান মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কায়সার আহমেদ। দলের একাধিক সূত্র জানায়, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ ফাহমি গোলন্দাজের সঙ্গে কায়সার আহমেদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ ছিল। এর জের ধরে গত পৌরসভা নির্বাচনে সাংসদ কায়সারকে সমর্থন না দিয়ে ইকবাল হোসেনকে প্রার্থী করেন। নির্বাচনের পর ফাহমি গোলন্দাজ ও কায়সার আহমেদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। এর জের ধরে আবার কায়সার আহমেদ ও ইকবাল হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বর্তমানে সেই বিরোধ না থাকলেও দুজন দূরত্ব বজায় রাখেন।
গফরগাঁও আসনের সাংসদ ফাহমি গোলন্দাজ বলেন, ‘ময়মনসিংহ জেলা কমিটি ও আমরা উপজেলা এবং পৌর কমিটি আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ইকবাল হোসেনের নাম পাঠিয়েছি।’ কায়সার আহমেদের সঙ্গে বিরোধের বিষয়ে সাংসদ বলেন, ‘এটাকে ঠিক বিরোধ বলা যায় না। রাজনৈতিক কারণে আমাদের মধ্যে একসময় প্রতিযোগিতা ছিল। এখন সেটা নেই।’
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে আসবে কি না, অথবা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ভোটযুদ্ধ হবে কি না—এসব বিষয়ের চেয়ে আলোচনা বেশি হচ্ছে আওয়ামী লীগের কে দলীয় মনোনয়ন পান তা নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পৌরবাসী বলেন, মনোনয়ন নিয়ে দুজনের মধ্যে সমঝোতা না হলে শেষ পর্যন্ত কী হয়, তা নিয়েও অনেকেই চিন্তিত।
তবে কায়সার আহমেদ চৌধুরী সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। দল যদি আমার চেয়ে যোগ্য বিবেচনা করে অন্য কাউকে মনোনয়ন দেয়, আমি সেটা মেনে নিয়ে তাঁর পক্ষে কাজ করতে প্রস্তুত।’ অন্যদিকে ইকবাল হোসেন বলেন, দল তাঁকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিলে সেই প্রার্থীর পক্ষে তিনি কাজ করবেন।
এদিকে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী তৎপর হয়ে উঠেছেন। তাঁরা হলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি ফজলুল হক, গফরগাঁও উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলাউদ্দিন সুলতান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গফুর হাসান।
বিএনপির মেয়র পদপ্রার্থী জেলা দক্ষিণ বিএনিপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, ‘নীতিগতভাবে আমরা একক প্রার্থীর সিদ্ধান্তে অনড়।’