মরে গেছে অর্ধশত গাছ, দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর-ঝিনাইগাতী সড়কের দুই পাশের শতাধিক গাছ রোগাক্রান্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় অর্ধশত গাছ মরে গেছে। ঝড়বৃষ্টিতে মাঝেমধ্যে মরা গাছের ডাল ভেঙে পড়ছে। এতে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন পথচারী, যাত্রী ও যানবাহনের চালকেরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শেরপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফিডার রোড উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার দীর্ঘ শেরপুর-ঝিনাইগাতী সড়ক নির্মাণ করা হয়। ওই সময় সামাজিক বনায়নের অংশ হিসেবে সওজ সড়কের দুই পাশে বাবলা, একাশিয়া, আকাশমণি, শিশু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা গাছ রোপণ করে। সেগুলো এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এ সড়ক দিয়েই শেরপুরের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র গজনী অবকাশকেন্দ্রে যেতে হয়। প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। দুই বছর ধরে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানের শতাধিক গাছ রোগে আক্রান্ত হয়। আক্রান্ত গাছের পাতা প্রথমে ঝরে পড়ে এবং ওপর থেকে ডালপালা শুকিয়ে যায়। একপর্যায়ে গাছ মরে যায়।
১৭ মে সরেজমিনে দেখা যায়, সড়কের বগাডুবি, মাটিয়াপাড়া ও আহম্মদনগর বটতলা এলাকায় দুই পাশের অধিকাংশ গাছ শুকিয়ে গেছে। কোনোটিতে ঘুণ ধরেছে। আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। অন্তত অর্ধশত গাছ মরে গেছে।
ঝিনাইগাতীর মাটিয়াপাড়া গ্রামের মো. দুলাল মিয়া ও নাইম হোসেন বলেন, তাঁদের এলাকার এক কিলোমিটার অংশে সড়কের দুই পাশের ২৫-৩০টি গাছ মরে গেছে। গাছগুলোর নিচ দিয়ে হাঁটার সময় ভয় লাগে। যেকোনো সময় মাথার ওপর মরা গাছ ভেঙে পড়তে পারে।
এ সড়কে চলাচলকারী বাসের চালক হুসাইন মিয়া বলেন, বাস চালানোর সময় তাঁরা ভয়ে থাকেন। মনে হয়, এই বুঝি বাসের সামনে বা ছাদের ওপর মরা গাছ ভেঙে পড়বে।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, দুই বছর আগে প্রচণ্ড ঝড়ে এ সড়কের অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের সময় এ সড়কের বেশির ভাগ গাছের ডাল কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে অনেক গাছ শুকিয়ে যাচ্ছে।
সওজের শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, ‘ইচ্ছে করলেই এসব গাছ আমরা অপসারণ করতে পারব না। ঢাকার প্রধান বৃক্ষ পালনবিদের কার্যালয়ে বিষয়টি জানিয়েছি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সরেজমিনে এসব গাছ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’