লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে (ফিশ হ্যাচারি) গতকাল মঙ্গলবার ও গত সোমবার ৬০টি মা-মাছ মরে গেছে। এ ছাড়া চলতি মাসে (এপ্রিল) ৭৫ কেজি রেণু পোনা নষ্ট হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হ্যাচারি কর্তৃপক্ষ জানিয়েছে।
পুকুরের পানিস্বল্পতার কারণে মাছ মরছে ও রেণু নষ্ট হচ্ছে। ঝুঁকির মধ্যে আছে ছয় মেট্রিক টন ডিমওয়ালা মাছ।
রুই, কাতলা, মৃগেল ও সিলভারকার্প-জাতীয় মা-মাছগুলো গত দুই দিনে মরেছে। প্রতিটি মা-মাছ থেকে মৌসুমে তিন-চার লাখ পোনা হয়। আর প্রতি কেজি রেণুতে প্রায় চার লাখ পোনা উৎপাদিত হয়।
সরকারি এ হ্যাচারির পুকুরগুলো দীর্ঘদিন ধরে খনন করা হচ্ছে না। পলি জমে এগুলো প্রায় ভরাট হয়ে গেছে। ৬৯টি পুকুরে এখন ১-২ ফুট করে পানি আছে। রোদে এই পানি প্রচণ্ড গরম হয়ে যায়। তা ছাড়া লো-ভোল্টেজের কারণে ও বিদ্যুতের অভাবে পাম্প দিয়ে পর্যাপ্ত পানিও পুকুরে দেওয়া যাচ্ছে না।
মৎস্য প্রজননকেন্দ্র সূত্র জানায়, সরকার এ বছর ৬৫০ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গত বছরের এপ্রিল মাসে এ হ্যাচারিতে ২৬০ কেজি রেণু উৎপাদন ও বিক্রি হয়। কিন্তু পানিসংকটের কারণে চলতি বছরের এপ্রিল মাসে মাত্র ১৫০ কেজি রেণু উৎপাদন ও বিক্রি হয়।